বিষয় - গ্রন্থালোচনা
✍️ ডা: অরুণিমা দাস
আমার পড়া প্রিয় বই- অগ্নীশ্বর
লেখক- বলাই চাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
আমার পড়া সব বইয়ের মধ্যে অন্যতম প্রিয় একটি বই হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের (বনফুল) লেখা "অগ্নীশ্বর "। অগ্নীশ্বর লেখাটি তাঁর এক অনবদ্য সৃষ্টি। এই নামে সত্যিই কেউ ছিলেন কিনা সেটা গবেষণা সাপেক্ষ। তবে বনফুল নিজেই এর উত্তর দিয়েছিলেন। বনফুল সৃষ্ট অগ্নীশ্বর মুখোপাধ্যায় ছিলেন মেডিক্যাল কলেজের শিক্ষক চিকিৎসক (১৮৮৫-১৯৬৫)। আসল নাম ছিল বনবিহারী মুখোপাধ্যায়। বনফুলের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল রেলওয়ে মেডিক্যাল অফিসার পদে থাকার সময়। বনবিহারী চিকিৎসাশাস্ত্র আর সাহিত্য চর্চা সমান ভাবেই করতেন। দৃঢ়চেতা মনোভাবের মানুষ ছিলেন তিনি। বনফুলের লেখায় তার যে ব্যক্তিত্বের ছবি পাঠক মনে ফুটে উঠেছে টা অকল্পনীয় হলেও কিছুটা বাস্তবতাও রয়েছে তার মধ্যে।
বইটি পড়ে আমার অনুভূতি খুব ছোট্ট করে লেখার মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করছি।
অগ্নীশ্বর নাম টির মধ্যেই বোঝা যায় তিনি আগুনের মতোই উজ্জ্বল আর প্রখর ছিলেন। এইটুকুই মিল ছিল তার সাথে অগ্নির। তাঁর হৃদয়ের অন্ত:স্থলে একটা পরোপকারী, নিঃস্বার্থ, রোগী প্রেমিক মানুষ সর্বদা বিরাজ করত। কুসংস্কারের ঘোর বিরোধী ছিলেন তিনি। বাইবেলে মানুষকে ডিভাইন বললেও তাঁর চোখে মানবজাতি ছিল বোভাইন, পেজোমি আর বোকা বদমায়েশি র মিশেল।
সব রোগী রোগিনী রা তার কাছে সমান ছিল। উচ্চ পদকর্তা রা ভাবতেন তাদের পদ মর্যাদার জোরে অগ্নীশ্বর কে দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট আদায় করাবেন, কিন্তু তা কোনোভাবেই সম্ভবপর ছিল না। রেলওয়ের হসপিটাল ছিল চেরিটেবল হসপিটাল, তাই কোনো কর্তা তাঁর কাছে স্পেশাল অ্যাটেনশন চাইলে বলতেন এই হসপিটালে লোকে ওষুধ ভিক্ষা করতে আসেন, আপনিও সেই জন্য এসেছেন। এর চেয়ে বেশি কিছু দাবী করবেন না।
তাঁর রোগ নির্ণয়ের পদ্ধতি আর চিকিৎসা পদ্ধতি সত্যিই প্রশংসার দাবী রাখে। যে ভাবে তিনি তার চিকিৎসা নৈপুণ্যের জোরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তা সত্যিই মাখনের তালের মধ্যে ছুরির মতো।
রেলওয়ের দুঁদে ইঞ্জিনিয়ার যোগেশ রক্ষিত কে যেভাবে উপহাসের পাত্র করেছিলেন,তাতে হাসা র ছিল না কোনো মানা। রেলওয়ের ডি টি এস স্কট সাহেবকে তার উদ্ব্ত্যের জন্য নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিলেন। অগ্নীশ্বর কে মিস্টার স্কট তার স্ত্রী কে দেখার জন্য টেলিগ্রাম করেছিলেন, কিন্তু তাতে প্লীজ লেখা না থাকার জন্য অগ্নীশ্বর যান নি আর হসপিটালে অ্যাপেন্ডিক্স এর অপারেশন করাটা তাঁর কাছে বেশি ইমার্জেন্সী মনে হয়েছিল। তাই পাঠিয়েছিলেন তাঁর সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাঃ লতিফকে। মিস্টার স্কট যে দুর্ব্যবহার করেছিলেন ডা: লতিফের সাথে সেটা অগ্নীশ্বর ভোলেন নি। কিছুদিন পর বদলা নিয়েছিলেন ঠিকই তিনি। রেলের কর্মচারী দের আনফিট সার্টিফিকেট দিয়ে রেলের কর্মব্যবস্থা কে মুখ থুবড়ে মাটিতে ফেলে দিতে পিছপা হন নি। স্কট আই জি সাহেব কে অভিযোগ করলেও অগ্নীশ্বরের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। এরকমই দোর্দন্দপ্রতাপশালী ব্যক্তি ছিলেন অগ্নীশ্বর।
এবার বলি অগ্নীশ্বরের সাহিত্য চর্চা নিয়ে। বনফুল কে তিনি উপহার দিয়েছিলেন " *আধুনিক পঞ্চকন্যা* " লেখাটি, যেটা বনফুল পড়েছিলেন এফ আর সি এস করতে স্কটল্যান্ড যাওয়ার সময় জাহাজে বসে।লেখাটিতে পুরাকালের পাঁচ জন নারীর যেমন উল্লেখ ছিল তার সাথে অগ্নীশ্বরের বাস্তব জীবনে দেখা পাঁচ জন নারীরাও স্থান পেয়েছিল। বাস্তবের পাঁচ নারীর প্রত্যেকের ঘটনাই মনে আঁচড় কেটেছিল। এই পাঁচজনের মধ্যে সুছন্দা চরিত্র টি অন্যতম ছিল আমার কাছে।
বিদেশ থেকে ফিরে বনফুল অনেক খোঁজ করেছিলেন অগ্নীশ্বর এর, কিন্তু পাননি তার সন্ধান।
অগ্নীশ্বরের ছেলের সাথে যোগাযোগ করে একটি চিঠির দেখা মেলে যাতে লেখা ছিল সংসারের গণ্ডিতে আবদ্ধ থাকতে চাননি তিনি। তাই ছেলের হাতে সব দায়িত্ব ছেড়ে তিনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন। বনফুলের চোখে যেমন অগ্নীশ্বর অমর, আমার চোখেও তাই। এরকম দৃঢ়চেতা, মহানুভব আত্মার বিনাশ কোনোদিন ই হয় না, হবেও না।
শেষ করবো অগ্নীশ্বরের কিছু উক্তি দিয়ে। পা সবারই আছে, তা বলে সেটা সবাইকে চাটতে হবে এমন কোথাও লেখা নেই।
আর একটি উক্তি ছিল - উপকার হলো "a sort of exhibitionism" তাই যখন চাগাড় দেয় তখন বে - এক্তার করে দেয়। তাই যথাসাধ্য লুকিয়ে করি।
অগ্নীশ্বর কে আদর্শ করে তাই পথ চলার চেষ্টা করি।
--- ©️ রিজার্ভ ফর অরুণিমা দাস 😊