ভালোবাসা - সে তো অন্ধ
✍️ ডা: অরুণিমা দাস
ভালোবাসলে মানুষ হয় অন্ধ,তাই বোধহয় কোথাও কেউ রসবোধ প্রয়োগে বলেছিল প্রেমে অন্ধ মানেই বাসের প্রতিবন্ধী সিট তার জন্য বরাদ্দ। দখিনা বাতাসের মতো যখন ভালোবাসা এসে মনকে ছুঁয়ে যায়,সব কিছু উজাড় করে দিতে ইচ্ছে করে তখন। সময়ের সাথে সাথে মানুষের মন বদলায়,বদলায় ভালোবাসার অনুভূতিগুলোও। সেরা জিনিস পাওয়ার জন্য হাতের নাগালে থাকা অনুভূতি গুলোকে ধীরে ধীরে পিষে মেরে ফেলা হয়। চাঁদ ছোঁয়ার অদম্য ইচ্ছেয় হারিয়ে যায় নক্ষত্রেরা। মানুষের আকাঙ্ক্ষা যখন গগনচুম্বী হয় পাশে থাকা ভালোবাসার মানুষের সাথে হঠকারিতা করতে দু বারও ভাবেনা। তখন বেরিয়ে আসে মানুষের আসল রূপ, খোলস খসে পড়ে। কিন্তু প্রকৃতি! সে তো অন্ধ নয়। সব কর্মের হিসেব নিকেষ করে খুব মনোযোগ দিয়ে। চোখে পরে থাকা ভালোবাসার পট্টিকে সরিয়ে বাস্তবকে চেনাতে থাকে মানুষকে। তাই পাতাঝরার মরশুমের মতন ভালোবাসা যখন টুপ করে খসে পড়ে তখনই উন্মীলিত হয় মানুষের জ্ঞানচক্ষু। ঠকে গিয়ে বরং দুচোখ ভরে আগলাতে চায় তার ভালোবাসাকে। সজল নয়ন থেকে ঝরে পড়া মুক্তোর মতো অশ্রুবিন্দু দান করে তাকে দৃষ্টিশক্তি যা আগের চেয়েও প্রখরতর হয়ে ওঠে কিন্তু তখন ভালোবাসা আর আসেনা ফিরে। চলে যায় দৃষ্টির বাইরে।
"ভালোবাসার আগমন দৃষ্টিকে করে ক্ষীণ,অন্ধ যে হয় মানুষ
যখন যায় চলে ভালোবাসা,চোখ তখন খোলে,ফিরে আসে হুঁশ।"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন