শিরোনাম - গানোলজি
✍️ ডা: অরুণিমা দাস
সেদিন নিজের রুম গোছাতে গোছাতে হাতে পেলাম কিছু সার্টিফিকেট, বেশ অনেকদিন আগেকার। খুলে দেখতে দেখতে পুরনো দিনে ফিরে গেলাম, বেশ কিছু বছর আগের ঘটনায়। তখন সেকেন্ড ইয়ারে উঠেছি সবে, একদিন ফোন এলো বায়োকেমিস্ট্রি ম্যাডামের। বললেন শোন না কলেজে নতুন ব্যাচ আসছে এমবিবিএস এর ফাস্ট ইয়ারে। ওদের জন্য একটা নবীন বরণ উৎসব আয়োজন করবো ভাবছি। তুই একটু গান চয়েস করে রাখ আর গেয়ে দিস একটু অনুষ্ঠানে। মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতন অবস্থা আমার। কোনরকমে সামলে নিয়ে বললাম কবে অনুষ্ঠান ম্যাম? উনি বললেন আগামী বুধবার। মোবাইলে দেখলাম সেদিন শুক্রবার, মানে হাতে চারদিন মাত্র সময়। বললাম এত কম দিন ম্যাম! ম্যাম বললেন এটা অনেক সময়, তুই রেডী কর গান। কোরাস হলে ভালো হয়। আমি আর কি করি! বললাম ওকে ম্যাম। হোস্টেল ফিরে বন্ধুদের বললাম সব ব্যাপার। কোনরকমে আর তিনজন জোগাড় করা গেলো। তারপর গান চয়েস করলাম "আমরা মেডিক্যাল কলেজে পড়ি" এই গানটা। ঠিক হলো ভোরবেলায় পাঁচটা থেকে রেওয়াজ হবে, হোস্টেলের ছাদে। সেই কথা মত রাতে একবার সঙ্গত করে পরের দিন ভোরে ছাদে গেলাম রেওয়াজ করার জন্য। সকালের ঠান্ডা হাওয়ায়, ঘুমের আবেশে গান শুরু করলাম, সাথে মোবাইলে ক্যারাওকে চলছে। হঠাৎ একটা শব্দ এলো কিচ কিচ! পাত্তা না দিয়ে সবাই চোখ বন্ধ করে গাইছি। হঠাৎ এক বন্ধু চিৎকার করে উঠে বললো রিমো তোর পেছনে দেখ ওটা কে! ঘাড় ঘুরিয়ে দেখি একটা হনুমান বসে আছে দাঁত বের করে। গানের দফারফা শেষ তখন, ঊর্ধ্বশ্বাসে সিড়ি বেয়ে নিচে নামতে লাগলাম সবাই। আর সাথে হনুমান টাও নামছিল। দিগবিদিক শূন্য হয়ে ছুটতে ছুটতে দুজন গেলাম বাথরুমে লুকোতে। আর দুজন অন্য এখন বন্ধুর রুমে ঢুকলাম। বন্ধুটি সব শুনে নীচে সিকিউরিটি কে ফোন করলো। সিকিউরিটি এসে হনুমানটাকে কমন রুম থেকে বের করে তাড়িয়ে দিলো। তারপর একে একে সবাই জড়ো হলাম যে যেখানে লুকিয়ে ছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম। ম্যাম কে সব বলার পর কি হাসি ওনার! পরে অবশ্য অডিটোরিয়ামে আমাদের প্রাকটিস করার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাকি তিনদিন রিহার্সাল করে মোটামোটি গান গেয়ে উতরে দিয়েছিলাম সবাই। সেই ঘটনা আজও মনে পড়লে বন্ধু মহলে হাসির ফোয়ারা ছোটে। গানটার কয়েকটা লাইন দিলাম। মনে রাখার মত গান সত্যি।
আমরা মেডিকেল কলেজে পড়ি
এনাটমি,প্যাথলজি,সার্জারি, মেডিসিন
আরও কত নাম ঝুরি ঝুরি।।
কার্ডিওলজি, হেমাটোলজি আরও কত লজি, কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি ...
আমরা মেডিকেল কলেজে পড়ি।।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন