সূচনা
✍️ ডা: অরুণিমা দাস
কাল সারারাত ডিউটি করার পর,সকালে ভাবলাম একটু মহালয়া শুনবো। কিন্তু ঘুমের জন্য শোনা হলো না। ২-৩ ঘন্টা ঘুমের পর সকালে আবার একটা কেস উঠলো। ওটিতে স্যার মহালয়ার গান চালিয়েছিলেন। বেশ একটা অন্যরকম অনুভূতি। তার মধ্যেই একটা সিজার হলো। স্যার হেসে জিজ্ঞেস করলেন কি হয়েছে? দুর্গা না মহিষাসুর? হেসে বললাম দুর্গা,কিন্তু!
-কিন্তু কি রে?
- স্যার বাচ্চাটার ক্লেফট লিপ আর প্যালেট আছে। সত্যিই দুর্গা,ওকে এরপর কতগুলো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে কাটা তালু আর কাটা ঠোঁট ঠিক করতে। তবুও পূণ্য লগ্নে জন্মেছে মেয়েটা! সবাই বলছে ঠিক লড়বে কিন্তু ওর মায়ের মন খারাপ কারণ প্রথম সন্তান মেয়ে আবার দ্বিতীয় সন্তানও মেয়ে তাও আবার একটু ত্রুটিপূর্ণ। বোঝানো হলো ছেলে মেয়ে সবাই সমান মন খারাপ কোরোনা তাও এরকম দিনে। বাচ্চাটাকে নবজাতক বিভাগে পাঠিয়ে ওটি শেষে সবাই ফিরলাম যে যার মতো,বুঝলাম দেবীপক্ষের সূচনা বোধহয় এভাবেও হয়। ভালো থাকুক বাচ্চাটা,বড়ো হোক নিজের জীবনীশক্তি দিয়ে লড়াই করে।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন