শিরোনাম- অবিজিত
✍️ডা: অরুণিমা দাস
"অবজ্ঞা অবহেলা হাসিঠাট্টা তোমায় নিয়ে যে যতই করুক
তোমায় কখনো যেনো থামাতে না পারে সেইসকল নিন্দুক।"
যারা কাজ করে ভুল তাদেরই হয়। আর যারা সেই ভুল নিয়ে হাসি তামাশা করে তাদের মত নীচু মানসিকতার লোকেরা এই দুনিয়ার কলঙ্ক। এসব হাসি মজা মাথায় রেখে সেগুলোকে পজিটিভ ওয়ে তে নিয়ে এগিয়ে যাওয়ার নাম ই চ্যালেঞ্জ। তাই লাইফ কে কখনোই বলা উচিত নয় "হোয়াই মি"! বলা উচিত "অলওয়েজ ট্রাই মি"!
আজ একজন এমন ব্যক্তির কথা বলতে চলেছি যার মস্তিষ্কের বিকাশ তার সমসাময়িক বাচ্চাদের মত ছিল না। কিছুটা ধীর গতিতে হচ্ছিলো। তার জন্য তাঁকে স্কুলে স্যার সহপাঠী দের উপহাসের পাত্র হতে হয়েছিলো। কিন্তু তাদের এই উপহাস তাঁকে আটকে রাখতে পারেনি কোনো গণ্ডিতে। একদিন ঠিক তার প্রতিভার বিকাশ ঘটেছিল আর সেই প্রতিভার জোরেই তিনি একদিন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী হিসেবে পরিচিত হয়েছিলেন।
অনেক বড় বিজ্ঞানী ছিলেন তিনি। জন্ম হয়েছিল ১৮৭৯ সালে জার্মানির মিউনিখ শহরে। অথচ এই বিজ্ঞানীর ছেলেবেলা ছিল একেবারেই সাদাসিধে এবং সম্ভাবনাহীন। কেউ তখন ভাবতেও পারেনি এই ছাপোষা ছেলেটিই বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবেন। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যে পুরস্কার, নোবেল প্রাইজ সেটাও তিনি পাবেন বিজ্ঞানের একটি থিওরি আবিষ্কার করে। এই ব্যাক্তি সর্বপ্রথম আলোচনায় আসেন একটি নিবন্ধ লিখে। নিবন্ধের বিষয় আপেক্ষিকতাবাদ। অথচ ভেবে দেখলে বোঝা যায় আত্মভোলা,বেখেয়ালি এই বিজ্ঞানির বয়স তখন মাত্র কুড়ি। সেই জন্মের পর থেকেই কিন্তু তিনি আত্মমগ্ন থাকতে ভালোবাসতেন। অহেতুক কিছু বলা একেবারেই ছিল স্বভাববিরুদ্ধ। একটা ঘটনা বলা যাক - ওনার সম্পর্কে বলা হয়ে থাকে,তিনি কথা বলতে শুরু করেন দেরিতে, চার বছর বয়সে। পড়তে শেখেন আরও পরে,সাত বছর বয়সে। ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন ছিল তার। তিন পেরিয়ে চারে এসেও তিনি যখন কথা বলছিলেন না তখন বাবা-মা খুব চিন্তায় পড়ে গেলেন। এক রাতে তাদের দুশ্চিন্তার অবসান ঘটল। খাবার টেবিলে তিনি হঠাৎ বলে উঠলেন, স্যুপটা খুব গরম! তাঁর মুখে কথা শুনে সবাই খুব অবাক হয়ে জানতে চাইলেন, এতদিন তুমি কথা বলোনি কেন? তিনি উত্তর দিলেন,এতদিন তো সব ঠিকমতই চলছিল।সেই ছেলেবেলাতেই কতটা ভাবুক প্রকৃতির ছিলেন তিনি অথচ তার এই স্বভাবটিকেই মানুষ অন্য চোখে দেখত। একবার তো ক্লাসটিচার তার বিরুদ্ধে মন্তব্যই করে ফেললেন, এ বোকা ছেলেকে দিয়ে কিছু হবে না। আসলে ঘটনা হয়েছিল যে ছেলেবেলায় খুব শান্ত স্বভাবের ছিলেন। ক্লাসে স্যার কিছু জানতে চাইলে অনেক ভেবে উত্তর দিতেন। চট করে কিছু বলতে পারতেন না। ভাবতে গিয়ে দেরী তো হতোই,উপরন্তু তোতলামির কারণে কথা আটকে যেত। ফলে সহপাঠী, শিক্ষকদের কাছে তিনি প্রায়ই হাসির পাত্র হতেন। এসব কারণে ক্লাসটিচার একদিন বলেই ফেললেন,ছেলেটি আস্ত বোকা! ওকে দিয়ে কিচ্ছু হবে না।কিন্তু ছেলেটির মা এসব কথা মোটেই বিশ্বাস করতেন না। বরং সবাইকে শুনিয়ে বলতেন, তোমরা দেখে নিও ও বড় হলে অধ্যাপক হবে। অনেক নাম করবে। পরে মায়ের কথাই সত্য প্রমাণিত হয়েছিল। ছেলেটি বড় হয়ে অধ্যাপক তো বটেই, অনেক বড় বিজ্ঞানী হয়েছিলেন। ভাগ্যিস মা তখন ছেলেটির পাশে দাঁড়িয়েছিলেন। আসলে মায়েরা তো এমনই হয়, তাই না! ছেলে একটু ভাবুক তাতে কী! সে বন্ধুদের সঙ্গে মারামারি তো দূরের কথা দুষ্টুমি পর্যন্ত করত না। সে থাকত তার মতো। তাই দেখে সবাই তাকে অন্যরকম বোকা ভাবত। কিন্তু তিনি মোটেও বোকা ছিলেন না। তিনি ছেলেবেলা থেকেই ছিলেন কৌতূহলী। হেরম্যান ছিলেন ছেলেটির বাবা। তিনি একবার ছেলেকে উপহার হিসেবে একটা কম্পাস কিনে দিলেন। কম্পাস পেয়ে ছেলেটি সারাক্ষণ শুধু সেটা নিয়েই মেতে থাকেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, আরে! কম্পাসের কাটা কেবল একদিকেই ঘুরে যাচ্ছে, কোনো অবস্থাতেই কাটা অন্যদিকে ফেরানো যাচ্ছে না কেন? তখন বাবার কাছে এর কারণ জানতে চাইলেন। বাবা ছেলের কৌতূহলী মনের পরিচয় পেয়ে খুব খুশি হলেন। তিনি ছেলেটিকে এর কারণ ব্যাখ্যা করে বুঝিয়ে বললেন। ছোটবেলার এই কৌতূহলই ছেলেটিকে বিজ্ঞানী করে গড়ে তুলেছিল। তাই তো হওয়ার কথা। তুমি যদি কোনো কিছু দেখে মনে প্রশ্ন না আসে সে তাহলে শিখবে কীভাবে? সে জন্যই তো বড়দের কাছে প্রশ্ন করে জেনে নিতে হয়। ছোটবেলায় ছেলেটির ইচ্ছা ছিল আলোর রথে চড়বেন। আলো নিয়ে তিনি সব সময় ভাবতেন। ক্লাসে বসে সূর্যের আলো, বাড়িতে বৈদ্যুতিক আলো নিয়ে ভাবতে গিয়ে অনেকবার বড়দের বকুনিও তাকে শুনতে হয়েছে। ১৪ বছর বয়সে আলোর রথে চড়ার বৈজ্ঞানিক পন্থা নিয়ে তিনি ভাবতে শুরু করেন। আপেক্ষিক তত্ত্ব তৈরির সময় এই ভাবনাই তাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে। অনেক বড় হয়েও কিন্তু তার মাথা থেকে আলোর রথে চড়ার এই ভূত যায়নি। তো একদিন হয়েছে কী! ছেলেটির স্কুল একেবারেও ভালো লাগত না। কিন্তু কী আর করা! মায়ের আদেশ স্কুলে যেতেই হবে। তাই বাধ্য হয়ে স্কুলে যাওয়া। মা বলেছে, বড় হয়ে অধ্যাপক হতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও পড়াশোনা করা। কিন্তু করলে কী হবে, ক্লাসে গিয়ে শেষ বেঞ্চে দেয়ালের কোণে চুপচাপ বসে থাকতেন। একদিন সূর্যের আলো জানালার কাঁচ ভেদ করে কীভাবে ক্লাসের ভেতর আসছে একমনে এ নিয়ে ভাবছিলেন। হঠাৎ স্যার তাকে দাঁড় করিয়ে পড়া জিজ্ঞেস করলেন। অমনোযোগী থাকায় তিনি উত্তর দিতে পারলেন না। স্যার তাকে শাস্তিস্বরূপ হল রুমে পাঠিয়ে দিলেন। হল রুম ছিল বেশ বড় এবং ঠাণ্ডা। ছেলেটির কিন্তু জায়গাটা বেশ পছন্দ হলো। ক্লাস থেকে বের করে দেয়ায় তিনি বরং খুশিই হলেন। কারণ সেখানে বসে তিনি অন্তত নিরিবিলি নিজের মতো করে ভাবতে পারবেন।ক্লাস, স্যারের তিরস্কার, সহপাঠীদের বিদ্রুপ- সব ভুলে ছেলেটি সেই ঠাণ্ডা হল রুমে বসে সূর্যের আলো নিয়ে ভাবতে ভাবতেই ক্লাসের সময়টুকু পার করে দিলেন। এই ভাবনাটাই ছিল তার গবেষণা। আর এই গবেষণা করেই তিনি আবিষ্কার করেছিলেন আপেক্ষিক তত্ত্ব E=mc^2।বড় হয়ে আমরা এসব নিয়ে পড়াশোনা করেছি ফিজিক্স এ। তাই কথা কম,কাজ বেশী এই মনোভাব নিয়ে চললে লোকের কথা আর গায়ে এসে লাগে না। জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়ে দেয় লোকজনের এই হাসি,ঠাট্টা অবহেলা গুলো।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস