শিরোনাম - ছেঁড়া তার
✍️ ডা:অরুণিমা দাস
দুর্গাপুজো শুরু হবার সময় মুখে যে হাসির রেশ ছিলো মাধবের আজ কালীপুজোর পরে সেই হাসি মিলিয়ে গেছে। কালীপুজোর প্যান্ডেলে ঢাক সহ বাকি জিনিস গোছাতে গোছাতে ভাবছিল একটা যদি স্থায়ী আয়ের ব্যবস্থা থাকতো তাহলে আজ এত কষ্ট থাকতো না জীবনে। তারপর প্যান্ডেলে সবাই বলাবলি করছিল এখন নাকি ডিজিটাল যুগ, ঢাকের বাদ্যি নাকি যন্ত্রে বাজানো যায়। এমনিতেই পুজো ছাড়া মাধবের কোথাও ডাক পড়েনা তার উপর যদি পুজোতেও আধুনিক যন্ত্রপাতি চলে আসে তার এই পেশাটাও চলে যাবে। কি ভাবে ছেলেটার পড়াশোনা চালাবে ভেবেই মনটা অস্থির হয়ে ওঠে। ঢাকটা যেনো তার দিকে করুনভাবে তাকিয়ে থাকে। মাধব তার পারিশ্রমিক বুঝে নিয়ে ঢাক কাঁধে করে বেরিয়ে পড়ে। যা পেয়েছে একমাসে সেই টাকায় বড়জোর আরেকটা মাস চলতে পারে। তারপর আবার সেই রোজের পয়সা রোজগারে ভিনদেশে নানা কাজে যাওয়া। এই কটাদিন ঢাকের যে বোল মনকে ভালো করে দেয় সেই ঢাক আবার পড়ে থাকবে নিঃসঙ্গ হয়ে। চোখ দুটোতে জল চিক চিক করে মাধবের। রাস্তায় যেতে গিয়ে পথের পাশে এক জায়গাতে চোখে পড়ে এক বহুরূপী খেলা দেখাচ্ছে,ভিড়ের মধ্যে মিশে সেই খেলা দেখতে দাঁড়ায় মাধব। খেলা দেখানোর শেষে বহুরূপী মাটি থেকে পয়সাগুলো কুড়িয়ে নিজের ঝুলিতে ভরছিলো। মাধবকে একা বসে থাকতে দেখে হাসিমুখে বলে কি হলো? বাড়ী যাবেনা? সবাই চলে গেলো তো!
- যাবো,মনটা ভালো নেই। কাল থেকে অন্য কাজের খোঁজে বেরোতে হবে সেই নিয়ে ভাবছি। তুমি এত কষ্ট করে গান বেঁধে এই কটা টাকা পাও, তাও মুখে হাসি কি করে?
- আরে এর মধ্যেই ভালো থাকতে হয় ভাই। হাসতে ভুলে গেলে তো জীবনটা মলিন হয়ে যাবে। জীবনের তাল লয় বজায় রাখতে হলে হাসতে হবে যে রকম অবস্থায় থাকোনা কেনো। কাল থেকে পুজো হবেনা, ঢাক বাজাতে পারবেনা পয়সা আসবেনা ভেবে মন খারাপ কোরো না। কিছু তো কাজ আছে যেটা তুমি করে নিজেকে ভালো রাখতে পারবে। সেটাই করো।
- মাধব ভাবে পয়সা উপার্জনের চাপে ভুলেই গেছে সে রান্নাটা ভালোই করে। মিড ডে মিলের কাজে নামতে মন তার চায়না কারণ ছেলে সেই স্কুলে পড়ে। কিন্তু এতো খারাপ লাগা তার থাকবেনা যদি নিজের ভালোবাসার কাজ টা সে মন দিয়ে করে।
- ওঠো, এতো ভেবো না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো।
হাসি মুখে মাধব উঠে পড়ে, বহুরূপীকে বিদায় জানিয়ে চলে নিজের বাড়ীর পথে। সে না হয় বহুরূপীর মতো খেলা দেখাবে না কিন্তু নানা সাজে নিজেকে সাজিয়ে জীবনের ছন্দে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তার টা বোধহয় ছিঁড়বে না এবার, জোড়া লেগে নিজের মতো করে বেঁচে থাকার সুর তুলবে।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন