ডিজনি
©সুদেষ্ণা দত্ত
আজ দুপুরে হঠাৎই বুকটা কেমন চিনচিন করে উঠল।আজ ১লা জানুয়ারী—বড় ছেলে,বৌমা,নাতি গিয়েছে সবলা মেলায়।ছোট ছেলে,বৌমা,নাতনী শ্বশুরবাড়ীর লোকদের সঙ্গে বনভোজনে।আজ আর কিছু খেতে ইচ্ছে করল না—না শরীর খারাপ নয়,রাগও নয়,বুক জুড়ে একরাশ অভিমানী মেঘ বচ্ছরকার দিনে মেলা বসিয়েছে মনের মাঠে।ডিজনি আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।বোধহয় কিছু বলতে চায়।কর্তা থাকতে ওকে এনেছিলেন।ওর এখন বছর বারো বয়স।কর্তা চলে গিয়েছেন চার বছর হল।তবু এই দিনে ছেলে—মেয়েদের মুখে নিজের হাতে তৈরী কিছু তুলে দিতে বড় ইচ্ছে করে।বাড়ীতে নতুন চাল,নলেন গুড় সবই আছে।
পিঠে-পুলি বানাতে বসি আমি-মহাশ্বেতা।বয়স হলে নিজের অঙ্গ-প্রত্যঙ্গগুলোও কেমন মীরজাফর হয়ে যায়!আগামীকাল আবার অমাবস্যা।মিনিট দশেক বসতে না বসতেই হাঁটুদুটো টনটন করে উঠল।ডিজনি বসে আছে আমার গা ঘেঁষে।পিঠে বানাতে বানাতে কখন হৃদয়পুরে ডুব দিয়েছি সে খেয়াল নেই।দেশেরবাড়ী বসন্তপুরে শাশুড়ী মা থাকতে শীতের মিঠে রোদ্দুর যখন ধীরে ধীরে কম্বলের ওমে হারাতে বসত,তখন শাশুড়ী মা আমাদের তিন বৌমাকে সঙ্গে নিয়ে উনুনের ঢিমে আঁচে চিতই পিঠে,দুধ পুলি,আস্কে,নতুন গুড়ের পায়েস—কত কি করতেন!সেই মিঠে সুগন্ধ বাড়ী ছেড়ে পাড়া-প্রতিবেশীদের কাছে পৌঁছে তাঁদের বাড়ীর আঙিনায় এনে ফেলত।সকলে মিলে সে সব ভাগ করে খাওয়ার আনন্দই ছিল আলাদা!শাশুড়ী মাও চলে গিয়েছেন বেশ কয়েক বছর।যৌথ পরিবার ভেঙে আজ শহুরে অণু।ধীরে ধীরে পাটিসাপটা,নতুন গুড়ের পায়েস বানিয়ে ফেললাম।ডিজনি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে,কিন্তু ও আমার এত খেয়াল রাখলেও,আমি কেন জানিনা ওকে সন্তানদের আগে বসিয়ে খাওয়াতে পারলাম না।ছেলেরা সব বিকেল-বিকেল ফিরে গিয়ে আগে একটু মুখে দিক।
ছেলে—বৌমারা সারাদিন হুল্লোড় করে বেশ রাত করেই বাড়ী ফিরল।ওরা আসার পরেই ওদের সামনে তুলে ধরলাম সারাদিনের অভুক্ত আমি আমার ভালবাসার স্বাদ।ছোট্ট নাতনীটা পাটিসাপটা খেতে চাইলে ছোট বৌমা ওকে ধমকে বলল-“বৃষ্টি তুমি এখনই পিজ্জা,বার্গার খেয়ে এলে না!এখন এগুলো খেলে শরীর খারাপ করবে।তাছাড়া এগুলো খুব মিষ্টি হয়।এসব খাওয়া উচিত নয়।উপরে গিয়ে হাত-মুখ ধুয়ে শুয়ে পড়”।বাকীরাও তাদের পেট ভর্তি বলে আমার ভালবাসাকে প্রত্যাখ্যান করে চলে গেল।চোখের জল নলেন গুড়ের সাথে মিশে সুখাদ্যের স্বাদ বিস্বাদ করে দিতে চাইল।হঠাৎ ডিজনি ঝাঁপিয়ে পড়ল পায়েসের বাটির উপর।প্রথমে ভীষণ রাগ হল,তারপর মনে হল এই মনুষ্যেত্বর প্রাণীটাই বোঝে ভালবাসার আসল মানে।ওকে জড়িয়ে ধরলাম বুকে।ডিজনিও ভৌ ভৌ করে আমার ভালবাসাকে সম্মান জানাল।
©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত।
ছবি সৌজন্য:গুগুল।
বেশ দারুণ লাগল👍🏼👍🏼❤️❤️🌻🌻
উত্তরমুছুন