বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি
✍️ ডা: অরুণিমা দাস

কিছু অনুভূতি মনের গভীরে থাকাই শ্রেয়। সেটা হয়তো প্রকাশ করলে সমস্যা হতে পারে,তাই প্রকাশ না করাই হয়তো ভালো। এমনও হতে পারে যে অনুভূতি প্রকাশের মাধ্যমে হয়তো শত্রুকে জিতিয়ে দেবার রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কর্ম জীবনে অনেক কিছুই দেখা যায় আর বোঝাও যায় কিন্তু সেখানে খারাপ লাগার ব্যাপার গুলো সর্বসম্মুখে প্রকাশ না করাই হয়তো বুদ্ধিমানের কাজ। নিজের মতো কাজ করে এগিয়ে যাওয়া উচিত। আর সব সত্যি কথা বলতে পারলে কোনো মানুষই বন্ধু থাকবেনা, মুখোশ খুলে আসল রূপ বেরিয়ে পড়বে। যাদের থেকে বিপদের সম্ভাবনা রয়েছে সেখান থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। আবার অনেকসময় কেউ ভালো কিছু করলো কিন্তু তাকে ধন্যবাদ দেওয়া হয়না, সেই অনুভূতি অন্যরকম হয়। তখন তাকে মনে মনে ধন্যবাদ জানানো যেতে পারে। অপ্রকাশের জন্য সেসব অনুভূতি যাতে মনের ভার না হয়ে ওঠে সেজন্য কিছু কথা লেখা থাক বরং খাতার পাতায়। এতে মনের ওপর চাপও পড়বে না আর অপ্রিয় সত্য বলে শত্রু বাড়ার সম্ভাবনাও কম থাকবে। অপ্রকাশের মাধ্যমে যে এক অন্যরকম ভালোলাগা আছে তার ছাপ থেকে যাক। টক্সিক মানুষদের কাছে অনুভূতি প্রকাশ না করে নিরাপদ দুরত্বে অবস্থান করাতে নিজের ভালো। আর নিজেকে কীভাবে ভালো রাখতে হবে এটা নিজে ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব নয়। 

"কিছু অনুভূতি থাক একান্ত আপন,সযত্নে মনের কোণে 
সব কিছু বুঝেও প্রকাশ্যে তা ভুল করেও এনোনা টেনে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

অহিংসা-প্রতিবাদের শক্তি✍️ ডা: অরুণিমা দাস

অহিংসা-প্রতিবাদের শক্তি
✍️ ডা: অরুণিমা দাস

হিংসাত্মক প্রতিবাদের চেয়ে অহিংসার পথ অনুসরণ করা অনেকাংশে শ্রেয়। অপরপক্ষে যে থাকবে তার বিবেক জাগ্রত করতে হলে হিংসার পথ নয় বরং অহিংসভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত। অহিংসতার কাজের সাথে রেডিয়ামের অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। একটি মারাত্মক বৃদ্ধিতে মিশে থাকা কোষের ওপর রেডিয়াম ক্রমাগত নীরবে এবং অবিরামভাবে কাজ করে যতক্ষণ না এটি রোগাক্রান্ত কোষকে একটি সুস্থ কোষে রূপান্তরিত করে। একইভাবে এমনকি সামান্য পরিমাণ প্রকৃত অহিংসাও নীরব,সূক্ষ্ম ও অদৃশ্য উপায়ে কাজ করে এবং মনের মধ্যে জমে থাকা ক্ষোভ,হিংসা আর বিদ্বেষকে সমূলে উৎপাটন করতে সাহায্য করে। 
অন্যভাবে ভাবতে গেলে অহিংসাকে একটি মনস্তাত্ত্বিক বিজ্ঞানও বলা যায়। বিজ্ঞানের শব্দভাণ্ডারে 'ব্যর্থতা' শব্দটির কোনও স্থান নেই।
অহিংসার মূল তাৎপর্য হল,আমাদের মধ্যে থাকা অহিংসা আমাদের প্রতি আমাদের প্রতিপক্ষের মনোভাবকে নরম করে তুলবে,কঠোর নয়। এটা তার মনে একটি প্রতিক্রিয়াশীল সুরে আঘাত করবে। যদিও সেই আঘাতে তার শারীরিক কোনো ক্ষতি হবেনা,কিন্তু মননশীল চিন্তার উন্নতি হবে কয়েকগুণ। 
গান্ধীজির অসহযোগ আন্দোলন আর সত্যাগ্রহ আন্দোলন অহিংসা নীতির প্রয়োগ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তিনি অত্যাচারীর তরবারির ধার ভোঁতা করতে চেয়েছেন কিন্তু সেটা কোনো অস্ত্রপ্রয়োগে নয় বরং তার মনের পরিবর্তন ঘটিয়ে অহিংসতার মাধ্যমে তার হিংস্র মনোভাবকে নিষ্ক্রিয় করতে চেয়েছেন। 
আরও একটি অহিংসা সর্ম্পকিত উদাহরণ নিয়ে আলোচনা করে নেওয়া যাক। ১৯৬০-এর দশকে আফ্রিকান ও আমেরিকানদের সমতার জন্য লড়াই করা ছিল লুথার কিংয়ের মূল উদ্দেশ্য। ২০১৭ সালের হিসাবে কলম্বিয়া,ইয়েমেন, এল সালভাদর,পাকিস্তান এবং নাইজেরিয়া বিশ্বের শীর্ষ পাঁচটি সবচেয়ে বিপজ্জনক দেশ।
কলম্বিয়া মাদক পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি। পাকিস্তান একটি ধর্মীয় যুদ্ধের মধ্যে রয়েছে যেখানে নিরীহ পথচারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। নাইজেরিয়া দুটি চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম এবং পশ্চিম আফ্রিকার আইসিস দ্বারা আতঙ্কিত। তবে সহিংসতা কেবল এই দেশগুলিতেই নয় বরং বিশ্বের একটি বিশাল অংশে একটি সাধারণ প্রবণতা। ক্যারিবিয়ান থেকে আফ্রিকা এমনকি এশিয়ার কিছু অংশেও সহিংসতা একটি মহামারী।
সহিংসতা একটি চলমান চক্র যা ভাঙা কঠিন,এবং লুথার কিং এর চেয়ে বেশি কেউ এটি বুঝতে পারেননি বলে মনে হয়। তিনি অহিংস কর্মকাণ্ডের শক্তি এবং সেই শক্তি সম্পর্কে প্রচার করেছিলেন। তিনি বুঝেছিলেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং অন্যান্য অহিংস প্রতিবাদ প্রকৃত পরিবর্তন আনতে পারে। 
বর্তমানে যেমন যুদ্ধকালীন পরিস্থিতিতে অহিংসা নীতির প্রয়োগ হলে অনেক ক্ষেত্রে হিংসা হানাহানি বন্ধ হবে এবং সাধারণ মানুষের জীবনযাপন সহজ হবে। 

"প্রতিবাদ হোক নম্র,কোনো হানাহানি আর অস্ত্র প্রয়োগ নয়
হিংস্র নয়, অহিংসতার নীতি প্রয়োগে কোমল হোক শত্রুর হৃদয়।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শিরোনাম - সিদ্ধান্তের দায়✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সিদ্ধান্তের দায়
✍️ ডা: অরুণিমা দাস

সিদ্ধান্ত খুব ছোট্ট একটি শব্দ কিন্তু গভীরতা অনেক বেশী। সিদ্ধান্ত নিতে গিয়ে ভাবতে হয় অনেক কিছু, হয়তো কোনোকিছু বা সবার বিপক্ষে গিয়ে নিতে হয় কিংবা নিজের ভালো করতে নিতে হয়। সিদ্ধান্ত নিয়ে লিখতে গিয়ে কিছু টুকরো টুকরো ঘটনা মনে পড়ছে। সেগুলোকেই গুছিয়ে বলার চেষ্টা করছি। স্কুলজীবনে ব্যাকবেঞ্চার ছিলাম ফাইভ সিক্স অবদি। প্রথম দশে থাকা বন্ধুরা পাত্তাই দিতো না,কথা বলতে গেলে একটা অহংভাব বোঝা যেতো ওদের মধ্যে। নোটস চাইলে কিছু বাহানা দিয়ে এড়িয়ে যেতো। তাই আমরা কয়েকজন ব্যাক বেঞ্চাররা ঠিক করলাম নিজেরাই যা পারবো নোটস নেবো,কারোর কাছে চাইবোনা। সেই বন্ধুদের কিছুজন যারা আমরা শেষ দশে পাকাপাকি ভাবে থাকতাম তারা কিছুটা এগিয়ে এলাম। মিডল বেঞ্চার হলাম আমরা কিছুজন। সেই বন্ধুদের একজন আজ বেশ বড়ো মাপের গায়িকা, গান শুনে মনে একটা আলোড়ন সৃষ্টি হয়। প্রথম দশে থাকা বন্ধুরা এখন মাঝে মাঝে দেখা হলে নিজেরাই কথা বলে। সবার সাথে ভালোভাবেই কথা বলা হয়। যে যেমন ভাবে ভেবেছে সেরকম হয়েছে হয়তো। 
কলেজ জীবনে প্রবেশ করে সেকেন্ড ইয়ারে দুজন ভালো বন্ধু পেয়েছিলাম। সকলের সম্মিলিত চেষ্টায় এমবিবিএস এর ফাইনাল পরীক্ষার বৈতরণী গুলো উতরে যাওয়া যেতো। এরপর ইন্টার্নশিপে সবার পোস্টিং আলাদা ওয়ার্ডে হলো। তাও দিনের শেষে পাঁচ দশ মিনিট হলেও কথা বলার চেষ্টা চলতো। একজন বন্ধু ইন্টার্নশিপ শেষ করে মেডিক্যাল অফিসার হিসেবে জয়েন করলো,এখন কথা হলে যেমন ও বলে তখন তোদের সাথে একসাথে পড়ে পোস্ট গ্র্যাজুয়েশনটা করে নিলেই হতো। ওকে বোঝানো হয় তখনকার সিদ্ধান্ত তোর যেটা ভালো মনে হয়েছিলো নিয়েছিলি,এখন পোস্ট গ্র্যাজুয়েশন কর। ও বলতো এই বয়সে আবার পড়াশোনা! এম সি কিউ করা কি পোষাবে! যাইহোক ও সিদ্ধান্ত নিলো আবার পড়া শুরু করবে। পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামও দিয়েছে সদ্য। দেখা যাক কি হয়! সিদ্ধান্ত কোন দিকে নিয়ে যায় ওকে। আশা করি ভালোই হবে। সুমন ছিলো আরেকজন খুব ভালো বন্ধু,ইন্টার্নশিপের পর যখন পোস্ট গ্র্যাজুয়েশন এর পরীক্ষা দিচ্ছি আমরা সবাই,ও পেলো পাবলিক হেলথ নিয়ে এম ডি করার সুযোগ। সবাই বললো এই সাবজেক্ট না নিয়ে ক্লিনিক্যাল কিছু নে। সুমন বললো না আবার ওই চব্বিশ সাবজেক্ট পড়ে পরীক্ষা দেওয়া অসম্ভব। পাবলিক হেলথ নিয়ে পড়লো সুমন। এখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে প্রজেক্ট এ লিড করে সুমন আর দু বছরে একবার বিদেশ সফর করতেই হয়,
অর্গানাইজেশনের কাজে। কাজও হয় বিদেশ ঘোরাও হয়ে যায়। ও যে সিদ্ধান্ত নিয়েছিল তার দায় ওর। যারা বড় বড় কথা বলেছিল তাদের দায়ও তাদের নিজস্ব। সুমন যে বছর চান্স পেয়েছিল সেই বছর আমি কোনো সাবজেক্ট নিতে পারিনি। আবার পরীক্ষা দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার দায় ও আমার,আজ তা বুঝতে পারি। তারপর এম ডি করতে ঢুকে বন্ধুদের স্বরূপ চিনে তাদের থেকে দূরে সরে এসে কলম তুলে নিয়েছিলাম,আমার সেই সিদ্ধান্তের দায়ও আজ আমার। আর কলম তুলে নিয়েছিলাম বলেই আজ সবার কথাগুলো একজায়গায় লেখার চেষ্টা করছি। কলমকে বন্ধু করেছিলাম বলে লেখক ও লেখনী গ্রুপে যুক্ত হতে পেরেছি। চেষ্টা করি নিয়মিত লেখারও। সব রকম সিদ্ধান্ত, ভুল ঠিক যাই হোক দায়ভার সিদ্ধান্ত গ্রহণকারীকেই নিতে হয়,আর সাথে নিতে হয় নিজেকে ভালো রাখার দায়িত্ব।

"ছোট্ট একটি শব্দ, কিন্তু বেশ কয়েক গুণ বেশি তার গভীরতা 
পরিণত হোক চিন্তাধারা,গ্রাস না করুক সিদ্ধান্তহীনতা।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দেশপ্রেম - আবেগ না দায়িত্ব✍️ ডা: অরুণিমা দাস

 দেশপ্রেম - আবেগ না দায়িত্ব
✍️ ডা: অরুণিমা দাস

দেশের প্রতি ভালোবাসা সকল মানুষেরই থাকে। সেই ভালোবাসার প্রকাশ শুধু আবেগ দিয়ে হয়না, তার জন্য দেশের প্রতি সবার যা কর্তব্য সেটা পালন করা উচিত। দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সবার উচিত দেশের উন্নতির জন্য সচেষ্ট থাকা। আর অঙ্গীকারবদ্ধ হয়ে সততার সাথে কাজ করলে দেশের উন্নতি হতে বাধ্য। ইঞ্জিনিয়াররা যেমন প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে দেশের নাম বিদেশে ছড়িয়ে দিচ্ছে, চার্টার্ড অ্যাকাউ্ট্যান্ট, অর্থনীতিবিদ এরা দেশের অর্থনীতি চাঙ্গা রাখার কাজে নিয়োজিত,ডাক্তাররা মানুষকে সুস্থ রেখে মরবিডিটি কমিয়ে আনার প্রচেষ্টায় সাফল্য অর্জন করছে, সেনাবাহিনীতে যারা আছেন তারা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করছেন। এভাবে সবাই গঠনমূলক কাজ ও সংঘবদ্ধতার মাধ্যমে দেশের জন্য ভালোবাসা পোষণ করছেন। তাই শুধু আবেগের বশবর্তী হয়ে নয়, সুচারুভাবে ও নিপুণতার সাথে কাজ করতে হচ্ছে সবাইকে। কোনোকাজে অবহেলা করা যাবেনা। সুনাগরিক হিসেবে এগুলো আমাদের সকলের দায়িত্ব আর শুধু স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের দিন নয় সবদিনই সচেতন ভাবে দায়িত্ব পালন করে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যাবে। 


"নাগরিক হিসেবে সুপ্রচেষ্টা থাকুক,চিন্তাধারার হোক বিকাশ
আবেগ নয় শুধু,দায়িত্ব ও কর্তব্যের সম্মিলনে থাকুক দেশপ্রেমের প্রকাশ।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নেতা ও নেতৃত্ব✍️ ডা:অরুণিমা দাস

নেতা ও নেতৃত্ব
✍️ ডা:অরুণিমা দাস

নেতা মানেই যে শুধু শাসক হবেন এমন হওয়া কাঙ্ক্ষিত নয়। শাসন তার কাজের একটা অংশ অবশ্যই কিন্তু তার সাথে এমন ভাবে নেতৃত্ব দিতে হবে যাতে তার অধীনে থাকা সকলে আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ হতে পারে। তাঁর শেখানো চেতনার পাঠ সবাইকে স্বনির্ভর করে তুলবে,সবাই মাথা উঁচু করে চলতে পারে সেই শক্তিতে বলীয়ান করবে। নেতা মানে সমাজের মাথা আর তার সব কথা শুনে চলতে হবে এরম সম্পর্ক যেনো জনগণের সাথে তার না হয়। ভয়ে শুধু নেতাকে সম্মান করতে হবে, তেল দিয়ে চলতে হবে, তবেই নেতা জনগণের জন্য কাজ করবেন, মন থেকে তাকে সম্মান দেওয়া যাবেনা এরম নেতা কখনো কাম্য নয়। প্রকৃত নেতা কখনোই এসবের ধার ধারেন না,তিনি স্বমহিমায় নিজের কাজের মধ্যে দিয়ে জনগণের কাছে সেরার স্থান অর্জন করেন। 
আজ মারাঠারাজ শিবাজীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মহান নেতার কর্মকান্ডের কিছু অংশকে বর্তমান সমাজের শাসকদল আদর্শ করতেই পারেন। মারাঠাদের উত্থান মূলত হয়েছিল শিবাজী মহারাজের হাত ধরে। একজন নেতা হিসেবে তিনি শুধু এক জাতির উত্থানই করেননি সেই জাতিকে সংঘবদ্ধ ও শক্তিশালী করে তুলেছিলেন তার আদর্শ,সামরিক শাসনশৈলী ও বুদ্ধিমত্তা দিয়ে। অবশ্য এর পেছনে তাঁর শিক্ষাগুরু দাদোজা কোন্ডোদেবের ভূমিকা অনস্বীকার্য। তাঁর প্রভাবেই শিবাজী মহারাজ এক সাহসী সৎ নেতৃত্ববান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। 
তাই মাঝে মাঝেই ইতিহাসের পাতায় চোখ রেখে অতীতের কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সমাজ চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলে হয়তো ভালোই হবে, মঙ্গল হবে সমাজ ও সংস্কারক সকলের। 

"নেতার কর্মকান্ডের কাহিনী হোক ভবিষ্যতের জন্য  
 অনুপ্রেরণা
শুধু কথায় নয় কাজেও দেখিয়ে দিক বর্তমান,
জাগুক সমাজ চেতনা।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

শিরোনাম - আলিঙ্গন✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - আলিঙ্গন
✍️ ডা: অরুণিমা দাস

জীবনে টিকে থাকতে হলে হাজারো ঝড় ঝাপটা সামাল দিয়ে এগোতে হবে। সেই আদিম যুগ থেকে চলছে সংগ্রাম, চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিসে আছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম। এই জন্যই হয়তো বিবর্তনবাদের উৎপত্তি হয়েছে। আদিম যুগে চার হাত পা ওয়ালা মানুষ থেকে দু পায়ে হাঁটা, দু হাত দিয়ে লড়াই করা "হোমো সেপিয়েন্স" হতে দিনের পর দিন লড়াই চালিয়ে যেতে হয়েছে। 
তাই পরিবর্তন এলে তাকে দূরে না সরিয়ে আলিঙ্গন করতে হবে। "জীবন প্রাকৃতিক এবং স্বতস্ফূর্ত পরিবর্তনের একটি সিরিজ"। জীবনে চলার পথে চ্যালেঞ্জ আসা মানে বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার রহস্য উন্মোচন হওয়া। বিবর্তনবাদ শুধু বইতে নয়, সবার জীবনেও পরিলক্ষিত হয়। সাথে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়। পরিবর্তন যখন অবশ্যম্ভাবী তখন তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে সর্বদা। আবার পরিবর্তনের হওয়াতে গা ভাসিয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়াটাও ঠিক নয়। 

"বিবর্তন বাদ শেখায় সবাইকে,পরিবর্তনকে করো আলিঙ্গন
এগোনোর পথে থেমে থেকোনা,হোক চিন্তাধারার উন্নয়ন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

পাওয়ার অফ থিঙ্কিং✍️ ডা: অরুণিমা দাস

 পাওয়ার অফ থিঙ্কিং
✍️ ডা: অরুণিমা দাস

স্বাধীন ভাবে চিন্তা ভাবনা করতে হলে অবশ্যই মনের সহযোগিতা প্রয়োজন। আজকাল মানুষের কাছে সময়ের বড় অভাব। নতুন কিছু টপিক এলে সেটা নিয়ে ভাবার আগেই গুগল বা উইকিপিডিয়া দেখে নিচ্ছে। হাতের কাছে যখন যন্ত্র রয়েছে তখন মাথা খাটিয়ে কি লাভ! এরকম চিন্তা মনে পোষণ করে রেখেছে। আসলে জীবনে ক্রমবর্ধমান চাপ মানুষকে স্বাধীন ভাবে ভাবার সময়টুকু দেয়না। তাই ইন্টেলিজেন্ট কোশেন্ট যাই থাক পেশেন্স আজকাল বড্ড কমে গেছে সবার। 
ভাইরাল ট্রেন্ড হোক বা রিলসই হোক এগুলো সবার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করেনা। কেউ কেউ নিজের মতন করে ভাবতে চায়। ট্রেন্ডে গা ভাসিয়ে জীবন চলবেনা এগুলো অনেকেই জানেন কিন্তু মানেন না হয়তো।
তবে যতই গুগল উইকি থাক জীবনে চলার পথে কোনো বাধা এলে সেটা থেকে উদ্ধার হতে মাথা খাটাতেই হবে। অভ্যাসের দাস হলেও তখন উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেকে আর পরিস্থিতিকে সামলাতে হবে। 
মডার্ন হয়ে ট্রেন্ডি হবার চক্করে নিজের ভাবনা চিন্তার বিকাশ বন্ধ হতে দিয়ে লাভ নেই। চারপাশের পরিবেশ যেমনই থাক নিজেকে প্রভাবিত হতে না দিলে কেউই সেটা নিয়ন্ত্রণ করতে পারবেনা। তাই দিনে একটু সময় হলেও নিজের সাথে কাটানো উচিত, যাতে সবকিছুর থেকে আলাদা হয়ে নিজেকে খুঁজে বের করা যায়। 

"ভাবনা চিন্তার বিকাশ হোক স্বতন্ত্র,কারোর হাতে না থাক তার নিয়ন্ত্রণ
ভাইরাল ট্রেন্ডকে দূর হটাও মনের সাথে মস্তিষ্কের ঘটাও মিলন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল
✍️ ডা: অরুণিমা দাস

বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্যের অনুভূতি গুলো একটু বেশিই আলগা হয়ে পড়েছে। এখন রাস্তায় দেখা হয়ে সুপ্রভাত বা অন্য কিছু অভিবাদন জানানোর চেয়ে মোবাইলে উইশ করাটা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তায় কোনো কিছু ঘটলে সেটা নিয়ে এগোনোর আগে মানুষ সেলফি তুলে ধরছে। কাউকে কিছু দান করলে আগে ফেসবুকে জানানো চাই। নিজের মনে খুশি হবার থেকে সো অফ করে সবাইকে জানিয়ে দেওয়াটা শ্রেয় মনে করছে আজকাল। মি টাইম এখন স্ক্রীন টাইমে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর ফ্রী টাইমে মোবাইল আইপ্যাড ঘাটছে কিন্তু একটু কাছে পিঠে হেঁটে আসতে অনীহা প্রকাশ করছে। এতে শুধু সমাজ থেকে দূরে থাকছে শুধু তাই নয়, অনেক কিছু ব্যাধি শরীরে বাসা বাঁধছে। ব্যস্ততা বেড়েছে অনেকটাই কিন্তু তার মধ্যেও যে প্রাণ খুলে বাঁচা যায় সেটাই ভুলতে চলেছি আমরা। ছোট ছোট খুশীর মুহূর্তগুলো সেগুলো শুধু ক্যামেরাতেই বন্দী থাকেনা, ইন্সটাগ্রামে রিল না বানানো অব্দি যেনো মনে একটা অশান্তি থাকে। তাই বড্ড বেশী সামাজিক হচ্ছি মনে হচ্ছে কিন্তু আদপে মানুষের সাথে যোগাযোগ কমছে। ব্যস্ততা শুধুই অজুহাত, ইচ্ছে করলেই খোঁজ খবর নেওয়া যায় কিন্তু নেই সময় আর মানসিকতা সেসব করার। সহানুভূতি গুলো যেটুকু রয়েছে তাও হয়তো একদিন আদিযুগের না শোনা শব্দে পরিণত হবে। তাই সময় থাকতেই সতর্ক হতে হবে সকলকে।

"মানসিক দূরত্ব বেড়েছে,অধিকমাত্রায় হতে গিয়ে সামাজিক
সোশ্যাল মিডিয়ার চাপে তাই অনুভূতির সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

কনফিউশন✍️ ডা:অরুণিমা দাস

কনফিউশন
✍️ ডা:অরুণিমা দাস

হ্যাঁরে হাসো সব রেডী তো? বেরোতে হবে তো এবার। হ্যা সরু দি সব রেডী। তা এই বড়ো ব্যাগটা নিয়েছিস কেনো? আরে এই ব্যাগেই তো তোমার ভক্তদের পাপ পূণ্যের হিসেব আছে। সবাই ওই অঞ্জলীর সময়ে এসে দেবী এই বছর পাশ করিয়ে দাও,পরের বছর ভালো করে পড়বো এসব বলবে আর তুমিও গলে যাবে এসব হবেনা। না রে হাসো, এবারে আমি স্ট্রিক্ট হয়ে গেছি,তাই ওসব কথায় ভুলবোনা ভেবেছি। হাসো বললো এই তো কদিন আগে ঘুরতে গেছিলাম ওখানকার হাল হকিকত দেখতে,তো কিছু বাড়িতে উঁকি মেরে দেখি কিছু খোকা খুকী ফোন নিয়ে ব্যস্ত,এক জায়গায় তো দেখি বই থেকে আলো ঠিকরে এক খুকীর মুখে পড়ছে,ভাবলাম লেডি বিদ্যাসাগর হবে বোধহয়! ওমা কাছে গিয়ে দেখি সে ট্যাবে ওয়েব সিরিজ দেখছে তাও বইয়ের মাঝে লুকিয়ে। এদিকে দুদিন পরে তার নাকি ফাইনাল পরীক্ষা। কিকরে বুঝলি যে ওর পরীক্ষা? তা তো খুব সহজ দিদি,ওনারা যে যেমন দাবী জানান আমিও ডায়েরীতে নোট করি। তাদের লিস্টও বানিয়েছি। কেউ বলছে কুল খেয়েছি ক্ষমা করে দাও দেবী! তোমায় আরো বড় কুল দেবো শুধু পাশটুকু করিয়ে দাও। কেউ আবার বইপত্রে ফুল রেখে দিয়েছে তোমার পুজোর,এসব করে তোমাকে ফুল বানিয়ে পাশ করে যাওয়ার ধান্দা। আর এই মামনি যে ট্যাব দেখছেন বইয়ের ভেতরে তিনি দুসপ্তাহ আগেই জানিয়েছেন পড়া ভালো হয়নি,এবারটা শুধু উতরে দাও দেবী। সেই দু সপ্তাহ হিসেব করেই বুঝেছি পরশু ওনার পরীক্ষা।
-বা হাসো তুই তো বেশ স্মার্ট হয়ে উঠেছিস দেখছি।
- হে হে,তা হয়েছি তোমার সাথে থেকে।
- আসলে কি বলতো? আমায় বোকা ওরা বানাচ্ছে,সে বানাক কিন্তু নিজেদের যেনো বোকা না বানায়। আর ওদের কি দোষ দেবো বলতো? এখন তো পড়াশোনা ধরন ধারণ এত চেঞ্জ হয়েছে ওরা আগ্রহ হারিয়ে ফেলেছে পড়াশোনার প্রতি। আগেকার দিন কি আর আছে বল! ওদের উচিত বইপত্র আমার কাছে না দিয়ে ফোন ট্যাব জমা রাখা। কিন্তু বাবুদের তো ওসব ছাড়া চলবেনা। ওনারা আমায় দেখার নাম করে বাড়ী থেকে বেরোবেন তারপর বাইক করে ঘুরবেন নিজেরা আর ইচ্ছে হলে প্যান্ডেলে ঢুকে দয়া করে সেলফিতে আমায় জায়গা দেবেন। আমি নিজেই কনফিউজড হয়ে যাই আমি কি বিদ্যার দেবী নাকি প্রেমের দেবী! এদিকে বিশ্বকর্মাদা এসে বলে গেছেন মোবাইল জমা নাকি ওনার পুজোর দিন করা উচিত। উনি নাকি ওসব নিয়ে ডিল করেন। তাই আমিও বেশী কথা বাড়াইনি। যে যা ভালো বোঝে তাই করুক।
- তা ঠিক বলেছো দিদি।
- তার চেয়ে চল আমরা বরং পুজোটা ভালো করে কাটিয়ে আসি। ওদের জ্ঞানচক্ষু যাতে খোলে সেই আশীর্বাদ করি। হ্যা আর ফলমূল দেখে খেতে হবে বুঝলি! মৌচাক সিনেমার নীপা নাম শুনেছিলাম,
এখন নাকি সেই নামের ভাইরাস এসেছে শুনলাম। তাই সাবধানে থাকতে হবে সবাইকে। আর ওখানে নাকি বইমেলা শুরু হয়েছে, তাই যখন ফিরবো তোর এই বড়ো ব্যাগে বিভিন্ন স্বাদের বইপত্র নিয়ে ফিরবো।
হ্যা দিদি তাই চলো,প্যান্ডেল সব রেডী আমাদের আসার অপেক্ষায় সবাই বসে আছে।
সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও শুভকামনা।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস



বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ডিজিটালাইজেশন✍️ ডা:অরুণিমা দাস

 ডিজিটালাইজেশন
✍️ ডা:অরুণিমা দাস

আগেকার দিনের কথা মনে পড়লে দেখা যায় তখন এত আধুনিক প্রযুক্তি ছিলোনা বলে মানুষের মধ্যে একটা আবেগ ছিলো,পরস্পরের মধ্যে কুশল বিনিময় হোক কিংবা নিজেদের খবরাখবর রাখা সবটাই হতো অযান্ত্রিক ভাবে। বিজ্ঞান যত উন্নত হয়েছে,তত মানুষকে দিয়েছে বেগ আর কেড়েছে আবেগ। এখনকার দিনে একটু কিছু হলেই রিলসের বন্যা চলে। ভিডিও কলের মাধ্যমে খোঁজ খবর নেওয়া চলে। আত্মিক টানটা কোথাও যেনো একটু থমকে দাঁড়িয়েছে। সারাক্ষণ গ্যাজেট নিয়ে ব্যস্ত সবাই,মোবাইল আর ট্যাব হয়ে উঠেছে সর্বক্ষণের সঙ্গী। বাচ্চারা খেলাধুলো ভুলে মাঠে যাওয়া ভুলে মোবাইলে গেম নিয়ে বেশি আগ্রহী হয়ে যাচ্ছে,এতে চোখ ও মন দুই ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত জীবনের প্রতিটি জিনিস প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। খুব কম জন আছে যারা নিজের কথাগুলো নিজের মধ্যে রাখে,শো অফ করেনা। সত্যি কোথাও একটা যেনো একাকীত্ব গ্রাস করছে আজকের জেনারেশনকে,মোবাইলকে তারা বন্ধু ভেবে অনেকের থেকে দূরে সরে যাচ্ছে। স্ক্রীন টাইমটা বেশী হয়ে যাচ্ছে কিন্তু সরাসরি সাক্ষাতের সময় কম হচ্ছে। এক ফোনেই খোঁজ নিয়ে ডিজিটাল সৌজন্যবোধ প্রদর্শন করা হয়। চিঠির যুগ এখন আর নেই,ডাকবাক্সগুলো একাকী দাঁড়িয়ে থাকে ধুলো মেখে। দূর হয়তো কাছে এসেছে যান্ত্রিক ভাবে,কিন্তু মনের দূরত্ব বেড়েছে মাইল খানেক। তাই মানুষ একা হয়ে পড়েছে বড্ড, মিশতে ভুলে যাচ্ছে ডিজিটাল হয়ে গিয়ে। আগেকার মতো আড্ডা চলেনা,চলে গুগল মিট। তাই একা থাকাটা অভ্যেস হয়ে গেছে কিন্তু সংজ্ঞা কিছুটা বদল হয়েছে ডিজিটাল যুগের ভরসায়। 

"উন্নত মানের যান্ত্রিক জীবন যাপনে একাকীত্বের সংজ্ঞা বদলে গেছে 
দিনের শেষে বন্ধু মোবাইল ট্যাব,আত্মিকতা সৌজন্য সাক্ষাত সব দূর হটেছে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মাঠের আত্মকথা✍️ ডা: অরুণিমা দাস

 মাঠের আত্মকথা
✍️ ডা: অরুণিমা দাস

আমি এক ফাঁকা মাঠ এখন, একাই রয়েছি কয়েক বছর হলো। আগে কিন্তু এরকম ছিলো না জানেন! সকাল বিকেল হই হই করতো এখানে বাচ্চা আর বুড়োদের দল। বাচ্চারা খেলতে আসতো,কেউ ব্যাট বল কেউ ডাং গুলি কেউ বা কবাডি হাডুডু। তাদের লাফালাফিতে হাসির কলতানে সবসময় মুখর হয়ে থাকতাম। ধীরে ধীরে ওদের আসা কমতে লাগলো আর সাথে কমতে লাগলো আমার পরিসীমাও। এখন আমি অনেকটা ছোটো হয়ে গেছি, একপাশে আমার বুক ফুঁড়ে উঠে এসেছে বড় বড় ফ্ল্যাট বাড়ি তো আরেকপাশে জমেছে আবর্জনার স্তূপ। বাচ্চা গুলো আর আসেনা, লাফিয়ে বেড়ায় না। তারা সব দামী দামী মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, ব্যাট বল ডাঙ গুলি এগুলো ওদের কাছে পুরোনো যুগের খেলা হয়ে গেছে। ফ্ল্যাটের ব্যালকনিতে বসে যখন ফোন ঘাটে তারা, ভিডিও গেম খেলে কখনো বা ভারী ব্যাগ পিঠে করে স্কুল টিউশন ছুটছে। তখন কত ইশারা করে বলি ওদের, যে আয় তোরা খেলতে আয়, একা থাকতে আর ভালো লাগেনা। কানে কি যায় তাদের এসব কথা! সব মনোযোগ তখন স্ক্রীনের দিকে। আজকাল সবাইকে কেমন অচেনা লাগে, মুখ ঘুরিয়ে চলে যায় সবাই। কেউ দু দণ্ড এসে বসেও না। কাকে বলি আর মনের কথা তাই লিখে চলি ফাঁকা বুকের ওপর নিজের জীবনের কথা। 

"বড্ড ফাঁকা মাঠ আজ, খেলা ধুলা সব মোবাইলে বন্দী
আবার যাতে ভরে ওঠে এই প্রান্তর, জানা কি রয়েছে কোনো ফন্দি?"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আশাপূর্ণা দেবী✍️ ডা: অরুণিমা দাস

আশাপূর্ণা দেবী
✍️ ডা: অরুণিমা দাস

আশাপূর্ণা দেবী নামটি শুনলেই মনের এক কোণে আশার সঞ্চার হয় কোথাও। আজ এই বিশিষ্ট লেখিকার জন্মদিনে কিছু লিখতে গিয়ে কোথাও যেনো কলম থমকে দাঁড়াচ্ছে। এত বড় মনের লেখিকা জন্মেছিলেন কোলকাতাতে, কিন্তু কোনোদিন বিদ্যালয়ের মুখ দেখেননি। পরিবারে শিল্পচর্চা ছিলো বলেই হয়তো তাঁর কলম এত বলিষ্ঠ ছিলো। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও মানবিকতার শিক্ষায় তিনি দীক্ষিত ছিলেন। তাইতো তার কলম থেকে সৃষ্টি হয়েছিলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা,বকুলকথার মতন উপন্যাস। যদিও তিনি ছোটোদের গল্প লেখার মধ্যে দিয়ে লেখার জগতে প্রবেশ করেছিলেন,তারপর ধীরে ধীরে উপন্যাস বড়গল্প এইসব লেখার মধ্যে ডুব দিয়েছিলেন। বাইরে না বেরিয়েও নারী জীবনের অনেক কথাই তিনি তুলে ধরেছেন তাঁর লেখায়, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা,ত্যাগ এসবের কথাও উঠে এসেছে তাঁর লেখায়। পুরুষের মনের অন্তর্দ্বন্দ্বও প্রতিফলিত হয়েছে তাঁর কলমের আঁচড়ে। তবে সব লেখাই ছিলো সহজ সরল ও বোধগম্য।
তাঁর লেখা 'প্রথম প্রতিশ্রুতি' এই উপন্যাসের জন্য তিনি জ্ঞাপীঠ পুরস্কার পান। এছাড়াও পদ্মশ্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং এরকম আরও অনেক কিছু উপাধি পেয়েছিলেন তিনি। বাংলা সাহিত্যে অবদানের জন্য আজও বাঙালী তাঁকে মনে রেখেছে আর ভবিষ্যতেও রাখবে এই আশা রাখি।

"বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবীর জন্মদিনে জানাই সশ্রদ্ধ অভিবাদন
প্রতিশ্রুতি থাক গল্পপড়া ও সাহিত্যচর্চার,নিয়োজিত হোক প্রাণমন"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস



বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শিরোনাম-শুভারম্ভ✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-শুভারম্ভ
✍️ ডা: অরুণিমা দাস

বছর শেষে আবার এক নতুন বছরের আগমন। ইচ্ছে পূরণের লক্ষ্যে পূর্ণ উদ্যমে এগিয়ে চলা এক এক ধাপ করে। নতুন বছরে নতুন আশা নিয়ে আগের বছরের ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ। সময় মতো খাওয়া দাওয়া করা। বেশী করে ফল ও জল খাওয়া,কেউ কিছু বাজে মন্তব্য করলে উত্তেজিত না হওয়া এসব রেজোলিউশন নিয়েছি। পড়াশোনায় ফাঁকি দেবোনা,বেশী গল্পের বই কিনবোনা,আরও বেশি কেস রিপোর্ট পাবলিশ করতে হবে,লিখতে হবে সুযোগ পেলে এসব অনেক কিছুই ভেবেছি জানিনা কতটা রাখতে পারবো কথাগুলো! বদমাইশি বুদ্ধিগুলোকে নিয়ন্ত্রণে রাখবো,জাঙ্ক ফুড,ফ্রায়েড ফুড কম খাবো এসব হরেক রকম চিন্তাভাবনা করে চলেছি। এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে,মানিয়ে নিয়েছি কিছুটা আর বাকিটা চেষ্টা চলছে। নতুন জায়গায় নিজেকে সেফ মার্ক করাটাও একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
আজ আরো একটা গুরুত্বপূর্ণ দিন,কল্পতরু উৎসব। এইদিন শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু ভাব নিয়ে সকলের ইচ্ছে পূরণ করেন।
সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ও কল্পতরু উৎসবের শুভেচ্ছা। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভালো কাটুক সবার এই আশাই রাখি।

"অধরা স্বপ্নেরা দিক ধরা,ইচ্ছেডানারা পাখনা মেলো
পূরণ হোক সবার স্বপ্ন,মনের কথাগুলো বলেই ফেলো।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি ✍️ ডা: অরুণিমা দাস কিছু অনুভূতি মনের গভীরে থাকাই শ্রেয়। সেটা হয়তো প্রকাশ করলে সমস্যা হতে পারে,তাই প্রকাশ না কর...