বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শিরোনাম- বদল✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম- বদল
✍️ ডা:অরুণিমা দাস


পরিবর্তনের হাওয়ায় সকলে গা ভাসাতে চায় কিন্তু সেটা রাজা বা রঙের পরিবর্তন নয়, দিনের পরিবর্তনের হাওয়ায়। আদৌ কি দিনের পরিবর্তন হয়? নাকি রঙের পরিবর্তন করে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হয়! সিংহাসনে বসলেই তখন আসল ভাবমূর্তি প্রকাশ পায় রাজার। পরনের পোশাক পরিবর্তনের সাথে সাথে মনেরও পরিবর্তন হয়। প্রজাদের কথা তখন মাথায় থাকে না,থাকে নিজের স্বার্থ চরিতার্থ করার চিন্তা। লাল নীল সবুজ পোশাকের পরিবর্তন হলেও প্রজাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তারা যে তিমিরে ছিলো সেই তিমিরেই পড়ে থাকে। রাজা তো শুধু নামে হলেই হয়না, কাজের মধ্যে দিয়ে নিজেকে রাজা প্রমাণ করতে হয়। আর সেই প্রমাণের চেষ্টা অনেকের মধ্যেই থাকেনা, থাকে শুধু নিজের আখের গোছানোর চেষ্টা,তাও প্রজাদের বঞ্চিত করে। যতই রাজা আসুক যাক, যতই রাজার পোশাক বদলাক,রঙের বদল হয়তো হয় কিন্তু দিনের কোনো পরিবর্তন হয়না। আর যতদিন না প্রজারা রাজার পোশাকের আড়ালে থাকা কদর্য মনকে চিনতে পারবে ততদিন কোনো পরিবর্তন হবে বলে আশা করাও সমীচীন নয়। রাজার পোশাকে মন না দিয়ে যদি কেউ আসল সত্যটা বলতে পারে "রাজা তোর কাপড় কোথায়?" 
,সমাজের অবক্ষয় অনেকটা হলেও রোখা যেতে পারে। তাই যতক্ষণ না কেউ গলা তুলে প্রতিবাদ করছে ততদিন রাজা আর রাজার পোশাকেরই পরিবর্তন হবে, দিন কালের কোনো পরিবর্তন হবে না। 

"রাজা আসে পোশাকের, কেবলই লাল নীল রং বদলায় 
প্রজারা তো পোশাক নয়,দিন বদলের গল্প শুনতে চায়।" 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...