#বিষয়_বেদব্যাসের জন্মকথা
#কলমে_অনিশা
চেদিরাজ - আমাকে এমন ভালোবাসার শৃঙ্খলে বেঁধো না রাণী। আমি দুর্বল হয়ে পড়ি। দুর্বলতা কাপুরুষতার নামান্তর। আমায় রাজধর্ম পালন করতে দাও। পিতার আজ্ঞায় আমাকে মৃগয়ায় যেতে হবে।
গিরিকা - যাও তবে রাজা। নারী যদি এত ক্ষুদ্র তোমাদের বীরত্বের কাছে, তবে যাও। আর বাধা দেব না। মনে রেখো আমার ভালোবাসা তোমার বীরত্বের পথে শক্তি যোগাবে।
চেদিরাজ - তাই তো, এত জেদ করে বেরিয়ে এলাম, এখন আমার মন মানছে না। মনে হচ্ছে গিরিকার কাছে ফিরে যাই। এই অশোকবৃক্ষের মনোরম পরিবেশে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ঐ একটি বাজপাখি দেখতে পাচ্ছি। একটি বটপাতায় করে আমার শুক্র রাখি। "বাজপাখি, তুমি এই বটপাতা আমার রাণীর কাছে পৌঁছে দাও।"
বাজপাখি - হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মহারাজ।
ঐ আমার আর এক বন্ধু এদিকে আসছে।
আরে! আরে! আমার বটপাতায় টান দিয়ো না।
যাঃ, সব পড়ে গেল যমুনার জলে।
অদ্রিকা - আমি স্বর্গের অপ্সরী। শুধু ব্রাহ্মণের অভিশাপে আজ মৎসরূপে যমুনার জলে বাস করছি। সারা সকাল কোন খাবার পাইনি। এই ঋতুমতী অবস্থায় ক্লান্ত শরীরে আর তো পারি না। ঐ কি পড়ল জলে! খেয়ে নিই।
(দশমাস পর) জেলেদের 😎জালে এই অবস্থায় বন্দী হলাম? হে ঈশ্বর, আমার সন্তানদের রক্ষা করো।
দাশরাজ - ওরে বাপস্, তোরা কত বড় মাছ এনেছিস? একে তো অনেক কষ্টে কাটতে হবে। মাছের পেটে বোধহয় অনেক ডিম আছে। সাবধানে সাবধানে। একি! একি দেখছি আমি! দুটি দেবদূতের মতো শিশু! হে ঈশ্বর, আমি নিঃসন্তান বলে কি আমায় এত সুন্দর করে সাজিয়ে একটি পুত্র ও একটি কন্যা দিয়েছ আমায়? আমার সব চাওয়া আজ পূর্ণ হলো।
(এগারো বছর পর)
মৎসগন্ধা - আমায় সবাই সুন্দরী বলে, কিন্তু আমার গায়ের তীব্র গন্ধের জন্য আমার পিতা আমার বিবাহ নিয়ে চিন্তিত। আমাকে তিনি মুনি ঋষিদের নৌকায় করে পার করে দিতে বলেছেন। কিন্তু আমি বুঝতে পারি, উনি চান যদি কেউ কৃপা করে আমার এই মাছের গন্ধ দূর করে দেন। কিন্তু কৃপা তো আর কেউ এমনি করে না। কয়েক জন মুনির দৃষ্টিতে আমি তা ভালো করেই বুঝতে পারি। পরাশর মুনি বেশ কয়েক দিন ধরেই আমার জন্ম বৃত্তান্ত বর্ণনা করার জন্য উৎসুক হয়ে আছেন। আমি ও জানতে আগ্রহী। কিন্তু তার বিনিময়ে উনি কি চান তাও আমি বেশ বুঝতে পারছি। শেষ পর্যন্ত হয়তো ওনার ইচ্ছার কাছেই নিজেকে সমর্পণ করতে হবে।
(কয়েক দিন পর)
পরাশর মুনি - আমরা মাঝনদীতে এসে গেছি। আর তোমার জন্ম বৃত্তান্ত শোনা শেষ। এবার তুমি আমার কাছে এস।
মৎসগন্ধা - কিন্তু আমার গায়ে তীব্র মাছের গন্ধ।
মুনি - সে তো তোমার মা অপ্সরা অদ্রিকা তখন মৎসরূপে ছিল, তাই। আমার আশীর্বাদে তোমার গায়ে পদ্মের সুরভি হবে।
মৎসগন্ধা - কিন্তু নদীতীরে এত লোকজন....
মুনি - আমি এখানে কৃত্রিম উপায়ে একটি কুয়াশাচ্ছন্ন দ্বীপের সৃষ্টি করছি।
মৎসগন্ধা - কিন্তু....
মুনি - বুঝতে পারছি। শোনো, আমার আশীর্বাদে আমাদের মিলনের পরেই তোমার সন্তান জন্মাবে। আর তারপরে তুমি আবার কুমারী হয়ে যাবে।
আজ থেকে মৎসগন্ধা হবে পদ্মগন্ধা ও অনন্তযৌবনা। তোমার যৌবনে যেমন ভাঁটা পড়বে না তেমনি পদ্মগন্ধা হবে না লুপ্ত। তুমি হবে সবচেয়ে বেশী সৌভাগ্যবতী। তোমার নাম হবে সত্যবতী।
(সন্তানের জন্মের পর)
ব্যাস - আমি দেখতে এত বিভৎস, শ্যামবর্ণ। কুয়াশা ঘেরা নির্জন দ্বীপে আমার জন্ম। তাই আমি কৃষ্ণ দ্বৈপায়ন। আমার মা আমাকে জন্মলগ্নেই বিদায় জানাতে বাধ্য হবেন, তাই আমাকেই চলে যেতে হবে আপনার সঙ্গে তপস্যায়। বলুন পিতা, এ জীবন তবে কি বৃথা আমার?
পরাশর মুনি - না পুত্র। তুমি আমার সন্তান। তপস্যাবলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করবে। এইজন্য তুমি হবে বেদব্যাস। তোমার তপস্যার স্থান হবে বদরিকাশ্রম। এই কারণে তুমি বাদরায়ণ নামেও পরিচিত হবে। এরপর তুমি রচনা করবে মহাভারত। তুমি শুধু শ্লোক বলবে আর লিখবেন স্বয়ং গণেশ।
ব্যাস - আমি কি এত পারব পিতা।
পরাশর মুনি - নিশ্চয়ই পারবে। অসম্ভব কে সম্ভব তো তোমাকেই করতে হবে। তোমার মাতাকে বিদায় জানিয়ে তুমি আমাকে অনুসরণ করো।
ব্যাস - বিদায় মাতা।
সত্যবতী - একদিকে লোকলজ্জা অন্যদিকে সন্তান স্নেহ। আমি কি করবো! কথা দাও বৎস, আমি তোমাকে স্মরণ করলেই তুমি আমার কাছে আসবে।
ব্যাস - তাই হবে মাতা। বিদায়।
@কপিরাইট রিজার্ভ ফর অনিশা কুমার।
অসাধারণ 👍🏽
উত্তরমুছুনঅসাধারণ তথ্যসমৃদ্ধ লাগল। চমৎকার! 👌👌❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅসম্ভব ভাল লেখা।পরিবেশনের গুনে অতীব উপাদেয়।
উত্তরমুছুনদারুন।
উত্তরমুছুন