মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

শিরোনাম--চাঁদের হাসি ,।(কলমে-- পারমিতা মন্ডল)

বিষয়--- ছবি দেখে লেখা ।
শিরোনাম-- চাঁদের হাসি।
কলমে -- পারমিতা মন্ডল।
 
পৃথিবীর সবচেয়ে চির নতুন একটি শব্দ হলো মা । যা বহু ব‍্যবহারেও কোনদিন পুরনো হবে না। 

পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা, এই মা নামক ছাদটি একমাত্র মৃত্যু ছাড়া কেউ কেড়ে নিতে পারে না।

পৃথিবীতে সবচেয়ে মিষ্টি মুখ হলো মায়ের মুখ। সে মা গরীব হোক বা বড়লোক।
আর পৃথিবীতে সবচেয়ে পবিত্র হাসি হলো শিশুর হাসি। সে শিশু হোক না কোন বড়লোকের বা পথ শিশুর।

আজকের চিত্রে আমারা দেখতে পাই, রাস্তার মধ্যে মৃত মায়ের পাশে একটি শিশু নিশ্চিন্তে খেলে যাচ্ছে।  সে জানেও না , তার জীবনের শ্রেষ্ঠ ও নিরাপদ আশ্রয়টা এই মুহূর্তে আর নেই। তবুও মৃত মায়ের গন্ধ গায়ে মেখে পরম নিশ্চিন্তে খোলা আকাশের নীচে,  পাখিদের উড়ে যাওয়া দেখে খিলখিলিয়ে হেসে উঠেছে।ঊষার রবির ছটায় ,তার চোখে মুখে ফুঁটে উঠেছে এক তেজস্ক্রিয় দীপ্তি।সেও যেন সূর্যের মত উজ্জ্বল হতে চায়। পাখিদের মত আকাশে উড়তে চায়। ফুটতে চায় ফুলের মত।  কিন্তু তার জীবনে দীপ জ্বালানোর সূর্য যে কিছুক্ষন আগে অস্ত গেছে। অবুঝ শিশু তা বোঝে না। এরপর এক সময়  দিনের সূর্যও অস্ত যাবে। আকাশে উঠবে পূর্ণিমার চাঁদ।  সেই আকাশের চাঁদের সাথে পাল্লা দিয়ে এই মাটির চাঁদও, জ‍্যোৎস্না ছড়াবে চারিদিকে। হয়তো আকাশের চাঁদ হার মেনে নেবে এই ক্ষুদে চাঁদের সৌন্দর্যের কাছে। তবুও মাটির চাঁদ হেরে যাবে, হারিয়ে যাবে একদিন গহন অন্ধকারে। কারণ তাকে সামলে রাখার মানুষটি আর নেই।

আকাশের চাঁদের নিরাপদ আশ্রয় তার অনন্ত আকাশ। তার সমস্ত কলঙ্ককে আড়াল করে, জ‍্যোৎস্নাটাকে ছড়িয়ে দেয় পৃথিবীতে। কিন্তু এই মাটির চাঁদ ? আজ যে তার আশ্রয় হারালো । এরপর একদিন সে হাজার কলঙ্কে একটু একটু করে ডুবে যাবে। একদিন হারিয়ে যাবে অন্ধকারের চোরাগলিতে। আশ্রয় হবে কোন দুস্কৃতি নারী পাচারকারী দলের কাছে। অথবা কোন পতিতালয়ে।

পৃথিবীর সমস্ত বিপদ থেকে তার সন্তানকে রক্ষা করতে পারে একমাত্র তার মা। আজ সেই ছাদটাই হারিয়ে গেল শিশুটির মাথার উপর থেকে। বড় নিষ্ঠুর এই পৃথিবী।

All rights are reserved by paramita.

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...