বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

অণু গল্প: ময়ুরাক্ষীর মেঘ #কলমে~ পল্লবী




#ময়ুরাক্ষীর মেঘ

****************


ভোরের পুব আকাশে অংশুমান, ধীরে ধীরে তার রক্তিমাভা ছড়াতে শুরু করেছে। ময়ুরাক্ষী হুইলচেয়ারটা টেনে, জানালার কাছে গিয়ে বসে। কাল সারারাত মুষলধারায় বৃষ্টি শেষে, ভোরের আলোতে প্রকৃতির চারিদিকে এক অদ্ভুত সুনসান নীরবতা বিরাজ করছে। যদিও ট্রান্সফর্মারের বড় বড় ঝুলন্ত তারের উপরে বসা, প্রকৃতির ঝাড়ুদার; ভেজা ডানা মেলে, ভোরের আলো উপভোগ করতে করতে, মাঝে মাঝেই কর্কশকন্ঠে তার উপস্থিতি জানান দিচ্ছে আর থেকে থেকেই তীক্ষ্ণ নজর দিচ্ছে, রাস্তার এক ধারে রাখা ডাস্টবিনে! যদি কেউ এই সাত সকালে কোন উচ্ছিষ্টাংশ ফেলে....সেই আশায়! 

একই অবস্থা রাস্তার বেওয়ারিশ সারমেয়দের ও! তাঁরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে, অংশুমানের পরিপূর্ণ প্রভার জন্য! গতকালের  দিনভর বৃষ্টিতে, পাড়ার লোকজন তেমন একটা চলাচল করেনি বলতে গেলে। ফলে ময়লার ভাগাড় ও শূন্য!


জানলা দিয়ে হাত বাড়িয়ে ময়ুরাক্ষী, পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছাতিম গাছের পত্রপল্লব রাজী থেকে, ঝরে পড়া শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা, মুঠোয় বন্দী করতে চায়! বৃষ্টিতে ভিজে চুপসে যাওয়া পাতার ফাঁকে দিয়ে দেখতে চায়, ওর অংশুমানকে! মনে মনে শুধোয়,, কেমন আছো অংশু...!! মেঘের দেশে? মেঘকে সাথী করে?!


বৃষ্টি ভেজা দিনের এক পড়ন্ত বিকেলে, পার্কের দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে, অংশুমান পাতা ঝরে পড়া বৃষ্টি কণা দু হাতের কোচরে নিয়ে, ময়ুরাক্ষীর সামনে হাঁটু গেড়ে বসে বলেছিল, "ময়ুরাক্ষী তোমায় দিলাম"!


মেঘপ্রিয় অংশুমান, আকাশে মেঘ জমতে দেখলেই, শিশুর মতো লাফাতো! এতো প্রিয় ছিল মেঘ ওর! ময়ুরাক্ষী কতবার দুষ্টুমি করে বলতো..." মেঘের আড়ালে লুকিয়ে লাভ নেই অংশুমান! তোমাকে বৃষ্টি হয়ে ঝরে পড়তেই হবে..!! ময়ূরাক্ষীর গায়ে!"


সারারাত মেঘ মল্লার শুনে কাটানো ময়ুরাক্ষী ভাবে, সেদিন বিকেলে অংশুমান কি তবে বুঝতে পেরেছিল? কালের যাত্রা পথে ওর হারিয়ে যাওয়ার ডাক? আজ ঠিক কত বছর হলো..?? অংশুর হারিয়ে যাওয়ার অনন্তের পথে..!! মেঘেদের রাজ্যে?!


বৃষ্টির আমেজে, ঝিমিয়ে পড়া পাড়া ধীরে ধীরে জেগে উঠছে! গলির মুখে...চায়ের ছোট্ট টং থেকে চা বানানোর টুং টাং আওয়াজ বাতাসে ভেসে আসছে! কর্মব্যস্ত এই পাড়ার লোকজন, আবার সরব হচ্ছে, বৃষ্টি থামার পর, আরেকটা কোলাহলপূর্ণ দিনের প্রতীক্ষায়!


জানালার গ্রিল ধরে বসে ময়ুরাক্ষী, অংশুমানের দিকে চেয়ে, একটু অভিমানী হয়েই মনে মনে বলে..."মেঘ তোমার এতোই প্রিয় ছিল অংশু...আমাকে চিরতরে ছেড়ে যেতেও তোমার কষ্ট হলোনা?...কেন?? আমার বৃষ্টি প্রিয় ছিল বলে কি?!"


একটা দীর্ঘশ্বাস ফেলে ময়ুরাক্ষী ভাবে; থাকো তুমি ভাল...অংশুমান!! মেঘেদের দেশে...মেঘের আড়ালে! আমি না হয় তোমার প্রিয় মেঘকে দূত  করেই বার্তা পাঠাবো তোমার কাছে..!! তবুও তুমি ভাল থেকো! খুব ভাল থেকো! বলেই ময়ুরাক্ষী ছাতিম গাছের ভেজা পাতার ফাঁক গলে আসা, অংশু প্রভার দিকে তাকিয়ে মনে মনে বলে.....


   "আমি মেলবো না আর স্বপ্নডানা

   ঐ নীল মেঘেদের ছোঁয়ায়...

   আমি লিখবো না আর কাব্য কোনো

    স্মৃতির ছেঁড়া পাতায়....!!"



Copyright©reserved for Pallabi Barua


গানের চরন সংগৃহীত🙏🙏


৪টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...