চিরায়ত জীবন
কলমে ✍️ ছন্নছাড়া
*********************************
নিহত দিনের রক্ত মেখে সূর্য রক্তলাল,
ক্রমশঃ ডুবে যায় আঁধারের অতল তলে,
নিঃশব্দ আততায়ীর নির্মম ছুরি
চকিতে আসে নেমে নাগরিক পৃথিবীর বুকে,
হৈ হুল্লোড়ের শহরে সুনসান
নীরবতা ....!
কফিনের শীতল স্পর্শে জাগে মৃত্যুসুখ ,
সহাস্যে অধর চুমিছে মন্থিত বিষ ,
নীল কণ্ঠে তবু বাজে জীবনের জয়ভেরী ,
নিকষ আঁধারে উঁকি দেয় কোজাগরী চাঁদ ,
তবু চন্দ্রভূক সোডিয়াম বাতির আলোয়
নিশাচর শ্বাপদগুলোর বীভৎস তাণ্ডবে
লণ্ডভণ্ড স্বপ্ন শরীর ;
ফিনকি ছোটা রক্ত ধারায় রঞ্জিত রাজপথ,
মাঠঘাট, সবুজ বনানী প্রান্তর।
যে তর্জনীর ইশারায় ছুটিছে ভবিষ্যত
বারবার তাকে থেঁতলে দেওয়া হয় ,
বারবার সে নিষ্পেষিত হয় ,
বারবার তাকে বন্দী করা হয় করতলে ।
যে হৃদয় সদা হাস্যময়ী ,
দলিত মথিত হয় পদাঘাতে বারবার,
বারবার সে বন্দী হয় রাক্ষসপুরিতে ।
সদা হাস্যময়ী সীতার অগ্নিপরীক্ষা
আর বিসর্জন দেখি বারবার।
তবু একফালি চাঁদ ওঠে
কুয়াশার চাদর জড়িয়ে গাঢ় রাত্রি আসে
শুষ্ক অধর উপহার দিতে চায় একটুকরো হাসি ,
হোক সে নিষ্প্রাণ, ক্ষতি কী !
বাহ্! অসাধারণ! ধন্যবাদ। 👌👌👍👍❤❤
উত্তরমুছুন