বিষয়---অণুগল্প।।
নাম--অনন্ত প্রেম।
কলমে -- পারমিতা মন্ডল।
যুগ যুগ ধরে তুই আর আমি পাশাপাশি থেকেও কখনো মিলিত হতে পারিনি। জানি তুই আমাকে খুব ভালো বাসিস । আমিও তোকে ভালো বাসি প্রথম কদম ফুলের মতো । কিন্তু দেখ আমাদের ভাগ্য ।তুই কোনদিন আমাকে পাবিনা। আর আমিও তোকে পাবো না কোন দিন। তবুও পাগলের মতো ভালো বাসি তোকে ।তুই যে আমার প্রথম প্রেম।
তোর আর আমার উপর নির্ভর করে আছে অনেক গুলো মানুষের ভাগ্য। তাদের ভালো রাখার জন্য , খুশির জন্য , আমাদের সারাজীবন ত্যাগ স্বীকার করতেই হলো । আমরা কোনদিন ঘর বাঁধতে পারলাম না। সমান দূরত্ব বজায় রেখে সারাজীবন একই ভাবে সমান্তরাল হয়ে কাটিয়ে দিলাম।
তবুও তো দুজন পাশাপাশি ছিলাম। একে অপরের সুখ ,দুঃখ ভাগ করে নিতে পারছিলাম । নাই বা রইলাম এক সাথে। কিন্তু তবুও জানতাম আমার প্রেম, আমার ভালোবাসা তো আমার পাশে আছে। যদিও সবাই আমাদের ভালোবাসার নাম দিয়েছিল পরোকীয়া। মানে পরের সাথে কিয়া । কিন্তু তুই তো আমার আপন জন ছিলি , আজও আপনই আছিস । পর ছিলি কি ? তুই আমার আমার প্রথম এবং শেষ প্রেম।
কিন্তু সেদিন ওরা তোকে আমার কাছ থেকে নিয়ে গেল অনেক দূরে। জানিনা কোথায় ? তোর জায়গায় এলো নতুন একজন । খুব কেঁদেছিলাম সেদিন । কেউ বোঝেনি আমার কান্না । এমনকি তুইও না। একবার তো আমাকে শেষ বিদায় জানাতে পারতিস, কাছে আসতে তো পারতিস শেষ বারের মতো। জানি তোরও হয়তো উপায় ছিল না । তুইও হয়তো আমার মতো অঝোরে কেঁদেছিলি। তোর নাকি কিসব অসুখ করেছিল । তাই ওরা তোকে নিয়ে গেল ।
তোর জায়গায় এলো নতুন অতিথি । কিছুতেই তাকে আপন করতে পারিনি। যতোবার তার দিকে তাকিয়েছি তোর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠেছে । মনে হয়েছে তুই আজও আমার জন্য, শুধু আমারই জন্য অপেক্ষা করে আছিস। হয়তো একদিন ঠিক ফিরে আসবি। তোর আমার ভালোবাসা মিথ্যা হবে না।
আজ ঘুম থেকে উঠেই মনটা খুশিতে ভরে গেল । আকাশ ঝলমল করে রোদ উঠেছে। কুয়াশা কেটে গিয়ে সূর্য দেখা দিয়েছে ।বহুদিন পর আবার বুক ভরে নিশ্বাস নিলাম । আজ তুই ফিরে এসেছিস। নতুন রূপে, নতুন ভাবে। ওরা তোকে নিয়ে এসেছ আমার কাছে। আর নিয়ে যাবে না কোথাও। এবার আমরা সুখে দুঃখে আবার কাছাকাছি থাকবো । প্রথম প্রেম কি ভোলা যায় ? নাই বা হলো আমাদের ঘর বাঁধা , একসাথে থাকা, নতুন সংসার পাতা , তবুও আমরা এভাবেই সমান্তরাল ভাবে পাশাপাশি থেকে যাবো যুগ যুগ ধরে । আমরা দুজন যে রেললাইন। কতো মানুষের নিরাপত্তা আমাদের হাতে। তাই এটুকু ত্যাগ স্বীকার করতেই হলো ।
অসাধারণ 👌👌👌👌
উত্তরমুছুনবাহ! দারুন লাগল। ধন্যবাদ। 👌👌👍👍❤❤
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনদারুণ ।💐💐
উত্তরমুছুন