রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

অনু গল্প : "স্বপ্নের ফেরিওয়ালা" #কলমে ~ পল্লবী


 

 

কাল থেকেই ফোন হাতে নিয়ে অপেক্ষায় আছি কাংখিত সেই টুং শব্দের, যা গত বেশ কয়েক মাস ধরে মোটামুটি এই সময়ে বেজে উঠে। হঠাৎ কি হলো আজ? সেকি তবে তার মনের দরজা চিরকালের জন্যই বন্ধ করে দিলো? যে দরজায় আমি আর কখনো ইচ্ছে মতো যখন খুশি, তখন গিয়ে কড়া নাড়তে পারবো না!? সময় জ্ঞান ভুলে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না,কি করছে সে? বা সারাদিন কাটালো কেমন?! এতোটা নিষ্ঠুর সে হয় কিভাবে?! 


হেমন্তের এই মৃদু হিমেল সকালে, সমস্ত ব্যস্ততা একপাশে রেখে সব মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হাতের মুঠোয় ধরা মোবাইল! অপেক্ষা শুধু একটা "টুং" শব্দের! এক মেঘ মন নিয়ে সারা ঘরময় পায়চারি করে বেড়াই। অভ্যস্ত প্রতিটি কাজেই ভুল করি! হকারের কলিং বেলের আওয়াজ, দুধওয়ালার হাঁক,ফেরি ওয়ালাদের থেমে থেমে চিৎকার, কিছুই যেন আজ শুনতে পাচ্ছি না। মন যে পড়ে রয়েছে অন্য কোথাও,অন্য কোন খানে!এতো দিন ভাবতাম, যাক! পৃথিবীতে কেউ তো আছে, যে নাকি আমার মতোই ভাবে! আমার মতোই এলোমেলো যতো বোকা বোকা অলীক স্বপ্ন দেখে কল্পনার রাজ্যে হারাই, আবার আমার মতোই কেঁদে বুক ভাসাই সেসব স্বপ্নের ভাঙচুর দেখে! স্বপ্নবাজ আমি তবুও স্বপ্ন দেখি, মেঘের ভেলায় চড়ে মনের নীল আকাশে ঘুরে বেড়ানোর! যদিও জানি যে, স্বপ্ন আমার দিন শেষে বারিধারা হয়ে বয়ে যাবে হৃদয়ের গভীরে, ঠিক যেন বাইশে শ্রাবন! 


ভাদ্রের এক উতপ্ত দুপুরে তার সাথে পরিচয়! সমস্ত লাজুকতা একপাশে রেখে আমিই বাড়িয়ে ছিলাম বন্ধুত্বের হাত। নিস্তব্ধ সেই দুপুরে, বাস্তবের ফেরিওয়ালার হাঁক উপেক্ষা করে, তাকে বানিয়েছিলাম আমার স্বপ্নের ফেরিওয়ালা! সে রোজ রাতে, স্বপ্নে এসে দেখাতো রঙ্গিন যতো লাল, নীল, হলুদ,কমলা রঙের কাঁচের বয়াম ভর্তি স্বপ্ন! ঠিক যেমন টা আমি চাইতাম। জানি, সে শুধু আমি নই, অন্য আরো অনেকের স্বপনে ফেরি করে বেড়ায়। আমিই শুধু তাকে আমার একান্ত নিজস্ব ভেবে মোহের সাগরে ডুবে ছিলাম! ভুলেই গিয়েছিলাম,সে কথার শব্দ মালায়, ছন্দের জাদুতে তার লেখা যতো গল্প, কবিতা সবার কাছে ফেরি করে। তার সেই সাহিত্যিক মনে আমি বিন্দু মাত্র রেখাপাত করতে পারিনি। হয়তো এ আমারই ব্যর্থতা! যার দায়ভার আমাকেই বয়ে বেড়াতে হবে। তার তো সতিকারের কোন মনের টান কখনোই ছিলো না আমার প্রতি! মিছেই আমি অন্ধভাবে ভালবেসে মরীচিকার পেছনে ধাবিত হয়েছি এতোটা সময়! তাইতো সময়ের কাটায় ঘুরতে থাকা বিবর্ণ সব স্বপ্নেরা,আজ 'মন' নামক লোহার খাঁচা হতে মুক্ত হয়ে স্বাধীন ভাবে ডানা মেলে উড়তে চাই! আমিই বা কোন ছার! বাধা দেবার?! 


বহু প্রতিক্ষিত সেই চেনা টুং শব্দের অপেক্ষা করতে করতে এখন সকাল গড়িয়ে মাঝ দুপুর! আমার মনে সশব্দে বেজে চলেছে কাঁসর ঘণ্টা! অবচেতন মন বারবার ছুটে চলেছে মোবাইলের জ্বলে উঠা স্ক্রিনে। যদি স্বপ্নের ফেরিওয়ালার হাঁক আসে! হঠাৎ ঘ্যাড়ঘ্যাড় এক বিকট আওয়াজে বুঝতে পারি, প্রতিদিনকার সেই ঘানি ভাঙা তেলের ফেরিওয়ালা তার বহুল ব্যবহৃত জীর্ণশীর্ণ ঘাড় ভাঙা মেশিনের মোটর চালুর চেষ্টা করছে, আর সেই হৃদয় বিদারক শব্দে দুপুরের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান! শুধু আমিই স্তব্ধ হয়ে বসে আছি একটি মেসেজের অপেক্ষাই! তবে কি সে চির বিদায় বলেই দিল আজ ?!?


সমাপ্ত।।

Copyright©️ All rights reserved for Pallabi Barua

 

৬টি মন্তব্য:

  1. বাহ্! খুব ভাল লাগল। 👍👍👌👌💯💯💯💅💅💅

    উত্তরমুছুন
  2. কি গভীর কষ্ট লুকোনো ফেরিওয়ালার মনে।
    অভিভূত💔💔

    উত্তরমুছুন
  3. সুন্দর অনুভূতি দিয়ে লেখা 👌

    উত্তরমুছুন
  4. অসম্ভব আবেগপ্রবণ একটি লেখা।স্বপ্নের ফেরিওয়ালার পসরা সাজায় মনের দোকানে।অজান্তে কখন বেচাকেনায় উপেক্ষিত হয় প্রতীক্ষিত মন।

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...