"মহা সমুদ্রে প্রতিনিয়ত ঢেউ উঠতে থাকে, কিন্তু শৃঙ্খলা মেনে। ঢেউ গুলো পাড় অবধি সীমা বদ্ধ থাকে। কিন্তু কখনও কখনও সেই শৃঙ্খলা ভেঙে যায়, ঢেউ কোনো বাঁধ মানে না, সমুদ্র থেকে বেরিয়ে চলে আসে পাড়ে এবং তার চিহ্ন ছেড়ে যায়। ঝড়ের চিহ্ন।"
#বাক্যসৌজন্যে_শুভ্রজিৎ_চক্রবর্তী
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
তারিখ : ০৯/০৭/২০২১
জীবন বেশ কিছু অলিখিত সূত্রে, কিছু সরল-কিছু জটিল সমীকরণে বাঁধা । সেই সূত্রগুলো, সেই সমীকরণগুলোর লেফ্ট হ্যান্ড সাইড যতক্ষণ রাইট হ্যান্ড সাইডের সাথে ব্যালেন্সড থাকে, ততক্ষণ পর্যন্ত জীবন চলে সরল সমীকরণের নিয়মেই । সেই ব্যালেন্স একটু এদিক ওদিক হলেই, জীবনসমুদ্রে ওঠে ঝড় । হতে পারে সেই ঝড় ছোটখাটো যা কিছুসময়ের জন্য এসে জীবনের ছন্দ বিগড়ে দিয়ে আবার চলে যায় । জীবন আবার বইতে থাকে নিজস্ব খাতে । আবার হতে পারে সেই ঝড় বিশাল সুনামি, যাতে জীবনের মানেটাই বদলে যায় । সম্পূর্ণ ছন্দপতন হয়ে সেই ঝড়ের চিহ্ন থেকে যায় আমরণ ।
কিন্তু, তবুও থেকে যায় আশার আলো । যদি আবার ফিরে পাওয়া যায় পুরোনো সেই দিনগুলি, যা কখনোই ভোলা যায়না । সেই আশায় বুক বেঁধে শুরু হয় নতুন সংগ্রাম । যা চলে গেছে, যা হারিয়ে গেছে তাকে আঁকড়ে না পড়ে থেকে, যা আছে তাকেই সম্বল করে শুরু হয় পুনর্বার জীবনের জয়গান । এখানেই ঝড়ের ব্যর্থতা । এখানেই স্বার্থক প্রাণের অস্তিত্ব । জীবনের সবচেয়ে বড় জয়, "সেই কাজ করে দেখানো, সবাই ভেবেছিল যা তুমি কখনোই করতে পারবেন না ।" ঝড়কে তাই জিততে দেওয়া যাবেনা । হয়তো সে তার ছাপ রেখে যাবে জীবনের কোনো এক বিবর্ণ পাতায় । কিন্তু, মনে রাখতে হবে সেই ঝড়ও খুব দরকার একটা মানুষকে পরিপূর্ণ করতে । টানাপোড়েন না থাকলে কি বাঁচার আনন্দ থাকে! "
ফেলিওর ইজ দা পিলার অফ সাকসেস" - এই কথাটা কখনো ভোলা চলবে না ।
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ।" - কবিগুরুর জীবনেও কম ওঠাপড়া, কম ঝড় বয়ে যায়নি । তবুও তিনি আমাদেরকে সাহস যুগিয়েছেন, জীবনের সৌন্দর্য-জীবনের মানে বুঝতে শিখিয়েছেন ।
সূর্যেও তো গ্রহণ লাগে । চাঁদকে ঢেকে দেয় অমাবস্যার কালো ছায়া । দিনের আলোয় হারিয়ে যায় কোটি কোটি তারা । তবুও তারা থেকে যায়, আবার প্রকাশ পায় স্বমহিমায় ।
Copyright © All Rights Reserved to Piyali Chakravorty

খুব খুব ভাল লাগল।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনখুব সুন্দর বিশ্লেষণ! অসাধারণ! 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুন