শনিবার, ৩ জুলাই, ২০২১

#নাম- আগ্রাসী কবলে আগামী। ✍ মধুবন্তী দাশগুপ্ত।

#বিষয়- এই মহামারী দেশের বর্তমান অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের কি বিপুল ক্ষতি করলো।
   
#আগ্রাসীর কবলে আগামী 
 ✍️ মধুবন্তী দাশগুপ্ত 

"অলস সময়ধারা বেয়ে
মন চলে শূন্য-পানে চেয়ে.....
শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ-'পরে
ওরা কাজ করে।"
   বিশ্বকবি বহুবৎসরকাল আগেই আমাদের দেশের অর্থনৈতিক ধারাপ্রবাহের প্রতি আলোকপাত করে এই কালজয়ী রচনা করেছিলেন। কবির সমব্যথী হয়ে অনুভব করতে পারি যে সুদূর অতীতের একটা সাংঘাতিক ঐতিহাসিক ভুলের জন্য আজও ভারতবাসীকে তার মাশুল দিয়ে যেতে হচ্ছে। এদেশে ইংরেজদের আগমনে যবে থেকে "বণিকের মানদণ্ড রাজদণ্ডে" পরিণত হয়েছে, তবে থেকেই আমাদের ঐতিহ্যবাহী রাজনীতির ভিত নড়বড়ে হয়ে সুপরিকল্পিত অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। তারপর থেকেই যতদিন গেছে শত চেষ্টা করেও, দেশবাসীকে উন্নত বিশ্বের প্রতিযোগিতায়  অন্যতম স্থানে থাকার আশ্বাস দেওয়া সম্ভব হয়নি। 
       ফলে একবার যে কাঠামো দুর্বল হয়ে পড়ল, তাকে পুনর্গঠন করা আর সম্ভব হলোনা নানান অব্যবস্থার কারণে। এরপর কত মহামারী এলো, গেলো, দেশ স্বাধীন  হলো, কিন্তু অশিক্ষা, দুর্নীতি, গণতন্ত্রের নামে প্রহসন দেশকে "ন যযৌ ন তস্থৌ" অবস্থায় স্থবির করে রাখল। 
        তাই আজকের বর্তমান মহামারীতে আবার নতুন করে যে সমূহ আর্থিক দুরবস্থার সৃষ্টি হয়েছে তার থেকে নিষ্কৃতি পেতে আরও বেশ কয়েকবছর কেটে যাবে এটা বলাই বাহুল্য। কত মানুষ কর্মহীন, কত শিশু শিক্ষাহীন, কত প্রতিষ্ঠান কর্তাহীন, --এই বিশাল শূন্যতাকে পূরণ করতে গেলে যে সেবাকার্য প্রয়োজন তার জন্য যথেষ্ট মানবসম্পদের যোগান নেই। এর ফলে দ্রব্য, শ্রম, অর্থ, উপাদান সবকিছুর বাজারে চাহিদার উত্তরতর বৃদ্ধিকে মেটনো অসম্ভব হয়ে পড়বে। চরম অবস্থার  কবলে দারিদ্রের চক্র তৈরী হতে পারে, যা থেকে মুক্তি পাওয়া দুরূহ হয়ে যাবে। 
      তবে সকল বিপর্যয়েরই সুফল, কুফল দুই থাকে। এই মহাপ্রলয়ের চোখ রাঙানিকে যারা হৃদয় নিংড়ে প্রত্যক্ষ করলেন, তাদের কিছু অংশের নিশ্চয়ই বোধোদয় হবে যে, দেশকে শুধুই আশ্রস্থল মনে করলে, এই ভূমিকে আরও আরামদায়ক ও আধুনিক প্রযুক্তি দ্বারা উন্নত করার চেষ্টা করলে, দেশমাতাকে অত্যাচার করা হবে, ফলস্বরূপ সংকট দিনে দিনে বৃদ্ধি পাবে। তাই এই মায়ের প্রাণরক্ষার তাগিদে, যদি তার মূল স্তম্ভকে বাঁচিয়ে রাখতে পারি, তার নির্মল সৌন্দর্যকে ধরে রাখতে সক্ষম হই, তাহলে অবশ্যই আমরা প্রাথমিক বা প্রয়োজনীয় গ্রাসাচ্ছদনটুকু সম্পন্ন করে এক নির্ভেজাল, স্বাস্থ্যকর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারব এই আশা রাখি। 
       **************
#কপিরাইট রিজার্ভ ফর মধুবন্তী দাশগুপ্ত।

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...