আজকের বিষয়।
লেখনে--- পারমিতা মন্ডল।
প্রকৃতির নিয়মে শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে একদিন বার্ধক্য কড়া নাড়বে দরজায়। সেদিন থাকবে না শৈশবের সারল্য, কৈশোরের চাঞ্চল্য, যৌবনের উচ্ছলতা । বার্ধক্য কড়া নেড়ে বলবে সংযত হও মনে এবং শরীরে । মন তোমার ষোড়শীর মত উড়লেও, চির সবুজ থাকলেও বার্ধক্য যে এসে গেছে। তাকে অস্বীকার করার জায়গা নেই। সাদরে গ্রহণ না করলে মনের মলিনতা বাড়বে বেশী।তাই মনকে কষ্ট না দিয়ে বার্ধক্যকে উপভোগ করাই হলো বুদ্ধিমত্তার কাজ।
আজকের ছবি দেখে বুঝতে পারি জীবনের কোন কিছুই স্থায়ী নয়। কালের নিয়মে চাকা ঘুরবেই । যে সুন্দরী রূপসীকে দেখে পুরুষকুল পাগল হতো তার একটু ছোঁয়া পেতে , যে প্রেমিক তাকে চোখে হারাতো , যে স্বামী বন্ধু মহলে তার স্ত্রীর রূপ নিয়ে গর্ব করতো , সেই রূপ আজ নেই , বার্ধক্য তাকে গ্রাস করেছে। কিন্তু মনের তো কোন বয়স হয় না। মন তো এখনো ছুটে বেড়ায় ষোড়শী হয়ে। এখনো ভাবতে ইচ্ছা করে এই তো সেদিন , প্রমিকের সাথে খুনসুটি, বন্ধুদের সাথে ঝালমুড়ি ভাগ করে খাওয়া, স্বামীর সাথে বিদেশ ভ্রমণ। জানি সব আজ স্মৃতি।
কোঁচানো চামড়া, আর নেলপলিশহীন নখের দিকে তাকিয়ে মনটা বিষাদে ভরে যায়। আয়নায় নিজের মুখ দেখে ভাবি এই কি আমি -- যে ছিল পার্টির মধ্যমনি । সুসজ্জিতা সুন্দরী এক পরিমনি। বিষাদ এসে কড়া নাড়ে দরজায় । মন হয় ভারাক্রান্ত ।তবুও এটা মেনে নিতে হবে। বয়স কখনো ধরে রাখা যায় না । ধরে রাখা যায় নিজের মনটাকে। সেটাকে সতেজ রাখলেই হবে । বয়সটা শুধু নাম্বার। যেমন ক্ষনিকের মোহটাকে মানুষ প্রেম বলে ভুল করে পথ চলতে চায় আজীবন, তেমনি ক্ষনিকের রূপ ও আজীবন থাকে না। এটিকে মেনে নিয়েই , কষ্ট না পেয়ে পথ চলতে হবে।
মন কখনো বৃদ্ধ হয়না, মনের চামড়া কখনোই কুঁচকায় না ।সেটা চির সবুজ, চির সতেজ।
All rights are reserved by paramita .
বেশ সুন্দর লাগল। অসাধারণ! ধন্যবাদ। 👍👍❤❤⚘⚘🖋
উত্তরমুছুন