বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

#ভ্রমণ বিষয়ক রচনা: "শীতের এক বিকেল" #কলমে~ পল্লবী


 
 
 
 
 

এ বছরের শুরুতে কোন এক শীতের বিকেল। ঘর থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিয় এই শহরের এক প্রান্তে অবস্থিত পতেঙ্গা সি বীচের উদ্দেশ্য। লক্ষ্যে, সূর্যাস্ত দেখা। মূল শহর থেকে বাইশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোলঘেঁষা এই বীচ পর্যটকদের পছন্দের অন্যতম একটি স্পট। অনেকেই আছেন, টাকা - পয়সা নয়তো সময়াভাবে কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো জায়গায় যেতে পারেন না ঘুরতে। তাঁদের সবার কাছেই তাই চট্টগ্রামের এই সি বীচ খুবই জনপ্রিয়। নয়নাভিরাম এই বীচ থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত, দুই ই খুব ভাল করে উপভোগ করা যায়। আর এই দৃশ্য দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। রাজ পথের ভয়াবহ ট্রাফিক জ্যাম পেরিয়ে যখন পৌঁছায়,ততক্ষণে সূর্য পশ্চিমাকাশে লাল রঙের আবীর ছড়িয়ে দিগন্ত রেখায় সমুদ্রের বুকে মিলিয়ে যেতে যেতেও যেন থমকে দাঁড়িয়ে কারো অপেক্ষাই রত! পড়িমরি করে কোন রকমে ফাঁকা জায়গা দেখে বিছিয়ে রাখা সারি সারি সিসি ব্লকের উপর বসে পড়ি, যাতে সূর্য টা ফাঁকি দিয়ে অস্ত যেতে না পারে!ছুটির দিন বলে প্রচন্ড ভীড়! এই ভীড়ের মাঝেই কেউ ছবি তুলছেন, কেউবা নতুন নির্মিত ওয়াকওয়ে ধরে হেঁটে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের বুকে লাফিয়ে স্নানে মত্ত! কেউ বা গরম গরম পিয়াজু ও কাঁকড়া ভাজা খেতে খেতে প্রিয়জনের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত! যেদিকে চোখ যায়, শুধুই গিজগিজ করছে মানুষের ঢল! পুরো সমুদ্র পাড় জুড়েই লোকে লোকারণ্য! এমনিতেই ছুটির দিন ছাড়াও প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসেন এখানে। বিকেল থেকে রাত পর্যন্ত এ বীচে থাকে ভ্রমণপিপাসুদের মিলন মেলা। আমার অবশ্য এতো বেশী ভীড় ভাল লাগে না। নির্জনতায় যেন প্রকৃতিকে আরো ভাল ভাবে উপভোগ করা যায়! অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ! দিগন্তে রক্তিমাভা ছড়িয়ে সূর্যের সমুদ্রের বুকে হারিয়ে যাওয়ার সেই মনোহরণকারী দৃশ্য!! সন্ধ্যা ঘনাতেই সমুদ্রের বুকে নেমে এলো শত শত নাম না জানা পরিযায়ী পাখি, গাংচিল আর শ্বেত-শুভ্র সারস,স্থানীয়ভাবে যা "সাদা বক" নামে পরিচিত। কিছুটা দূরে, সমুদ্রের লোনা জলে নোঙ্গর করে রাখা সমুদ্র গামী জাহাজে একে একে জ্বলে উঠে সন্ধ্যার প্রদীপ, যেনো সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক জোনাকির আলো! শীতের আমেজ গায়ে মেখে, চোখে একরাশ মুগ্ধতা আর মন ভরা প্রশান্তি নিয়ে আমিও বাড়ির পথে পা বাড়াই আরেকটি নতুন সূর্যাস্ত দেখবো বলে!!
 
Copyright©️ All rights reserved
Pallabi Barua

৪টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...