# কবিতা
বিষকাঁটা
কলমে -- ছন্নছাড়া
দিয়েছ গোলাপ প্রেমের নামে
রঙিন মোড়ক আঁটা,
ভাবি নি তখন গোলাপ মাঝে
তীব্র বিষের কাটা ।
রেখেছি গোলাপ যতন করে
হৃদয় অন্তঃপুরে ,
একফালি চাঁদ দেখবো বলে
স্বপ্ন আকাশ জুড়ে ।
ছড়িয়ে সুবাস মন উঠোনে
শিশির পড়বে ঝরে,
সেই আশাতেই বুক বেঁধেছি
ভালোবাসার ডোরে ।
তোমার হাতেই হাত রেখেছি
তোমার চোখে চোখ ,
তোমার মাঝেই আমার আমি
সবটা বিলীন হোক ।
আশাগুলোই আজ দুরাশা
পৌনঃপুনিক ভুল ,
কোমল গোলাপ-পাপড়ি তলে
তীক্ষ্ণ কাটার শূল ।
সেই কাটাতেই বিদ্ধ হৃদয়
ছিন্ন প্রেম-শরীর
অঝোর ধারায় রক্তক্ষরণ
স্বপ্নেরা অস্থির ।
নিজের বলে নেইতো কিছু
সব হয়েছে পর,
আজ আমি যে বড় ই একা
নিঃসঙ্গ যাযাবর ।
----------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন